আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস। একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে, যখন আমাদের হাতের মুঠোয় স্মার্টফোন ছিল না। বিকেল হলে পাড়ার মাঠে খেলাধুলা আর সন্ধ্যা নামলেই দ্রুত বাড়ি ফিরে টেলিভিশন দেখার এক অদ্ভুত তাগিদ কাজ করত। সেই সময়ে বিনোদনের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মাধ্যম ছিল টেলিভিশনে প্রচারিত নাটক ও সিনেমা দেখা।
সেই ছোট্ট বাক্সটিই ছিল পরিবারের সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সাদাকালো ঝিরঝির করা টেলিভিশনের পর্দা আর ছাদের ওপর বসানো এন্টেনার সাথে জড়িয়ে আছে আমাদের শৈশবের অমলিন স্মৃতি।
সময়ের সাথে সাথে টেলিভিশনের রূপ বদলেছে আমূল। প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে সাদাকালো পর্দার যুগ পেরিয়ে টেলিভিশন এখন রঙিন ছবি, ডিজিটাল সম্প্রচার এবং ইন্টারনেট সংযোগের আধুনিক যুগে পৌঁছেছে।
তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম জনপ্রিয় এই মাধ্যমের গুরুত্বকে সামনে আনতেই প্রতিবছর বিশ্বজুড়ে ‘বিশ্ব টেলিভিশন দিবস’ পালন করা হয়। পৃথিবীর নানা প্রান্তের খবর, ঘটনা ও সংস্কৃতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে টেলিভিশনের যে অনন্য ভূমিকা রয়েছে, তা স্মরণ করাই এই দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রতিষ্ঠার পর থেকে টেলিভিশন অনেক উন্নয়ন ও পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। একসময় সাদা-কালো পর্দা থেকে রঙিন পর্দার আগমন ঘটে, আর পরবর্তীতে এইচডি (HD) ও স্মার্ট প্রযুক্তির বিপ্লব শুরু হয়।
বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্টফোনের ব্যাপক প্রভাব থাকলেও, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে টেলিভিশন এখনো বিনোদনের অন্যতম প্রধান উৎস হিসেবে টিকে আছে।
টেলিভিশনের আবিষ্কার কোনো একজনের একক কৃতিত্ব নয়। উনিশ শতকের শেষ ভাগ থেকেই চলন্ত ছবি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। ১৯২৬ সালের ২৬ জানুয়ারি স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড লন্ডনে প্রথমবার প্রকাশ্যে চলন্ত ছবি সম্প্রচার করে দেখান।
পরবর্তী সময়ে ফিলো ফার্নসওয়ার্থের মতো দূরদর্শী আবিষ্কারকদের হাত ধরে ইলেকট্রনিক টেলিভিশনের প্রযুক্তি আরও উন্নত হয়। এই যুগান্তকারী আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে।
১৯৯৬ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। একই বছর অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম। সেখানে বিশ্বজুড়ে মানুষের মতামত, সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে টেলিভিশনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
একসময় তথ্য জানার প্রধান মাধ্যম ছিল সংবাদপত্র ও রেডিও। টেলিভিশন সেই যোগাযোগব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করে। এর মাধ্যমে মানুষ ঘরে বসেই দেশ-বিদেশের ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সাক্ষাৎকার, শিক্ষামূলক অনুষ্ঠান ও নানারকম সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে পারে।
বিশ্ব টেলিভিশন দিবস মূলত গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধিতে টেলিভিশনের ভূমিকার কথা মনে করিয়ে দেয়। সাদা-কালো পর্দা থেকে স্মার্ট স্ক্রিন—প্রযুক্তি বদলেছে, বদলেছে দেখার অভ্যাস। কিন্তু মানুষের জীবনে আজও এক বিশেষ জায়গা জুড়ে আছে টেলিভিশন।