এখনো তার মায়ের গর্ভে থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই, গত ১২ সেপ্টেম্বর মাত্র ২৭ সপ্তাহ অর্থাৎ সাড়ে ছয় মাস বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে পৃথিবীতে আনা হয়। জন্মের সেই মুহূর্তে তার ওজন ছিল মাত্র ৯২০ গ্রাম। নির্ধারিত সময়ের এত আগে জন্ম নেওয়ার মূল কারণ ছিল তার মায়ের প্লাসেন্টা প্রিভিয়া।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম নেওয়া এই ধরনের শিশুদের বলা হয় ‘এক্সট্রিম প্রিম্যাচিউর বেবি’। এই শিশুদের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো, জন্মের সময় তাদের শরীরের অনেক অঙ্গপ্রত্যঙ্গেরই পূর্ণ বিকাশ ঘটে না। ফলে বেঁচে থাকা, সুস্থ হয়ে ওঠা এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠা—প্রতিটি ধাপই হয়ে দাঁড়ায় এক বিশাল চ্যালেঞ্জ।
ছেলের জন্মের পর চিকিৎসকদের কথা ছিল অত্যন্ত সতর্কতাপূর্ণ। তারা বলেছিলেন, “এত ছোট বাচ্চা, আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। যেকোনো সময় যেকোনো ধরনের সংক্রমণ ওকে আঘাত করতে পারে। সংক্রমণ হলে সেই ধকল কাটিয়ে ওঠা ওর পক্ষে প্রায় অসম্ভব। কারণ, ওর রোগ প্রতিরোধক্ষমতা অত্যন্ত কম। সুতরাং আপনারা আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান।”
অস্ত্রোপচারকক্ষ থেকে বাবুটিকে যখন এনআইসিইউ-তে নেওয়া হয়, তখন জানা যায় যে তার মতোই নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া বেশ কয়েকটি শিশু মাত্র কয়েক দিনের ব্যবধানে মারা গেছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পেরেছিল হাতে গোনা মাত্র কয়েকজন।
নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) থাকা সেই অপরিণত শিশুদের বাবা-মায়ের আর্তনাদ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। লাখ লাখ টাকা হাসপাতালের বিল পরিশোধ করার পরেও সন্তানের নিথর ও ঠান্ডা শরীর বুকে নিয়ে বাড়ি ফিরছেন অনেক বাবা-মা। এমন হৃদয়বিদারক দৃশ্য আমাদের মানসিকভাবে আরও ভেঙে দিয়েছিল।
ছেলেকে এনআইসিইউ-তে রেখে নির্ঘুম উৎকণ্ঠায় কেটেছে আমাদের প্রতিটি দিন ও রাত। কখন হাসপাতাল থেকে ফোন আসবে, সেই আতঙ্ক সারাক্ষণ তাড়া করে বেড়াত। ফোন বেজে উঠলেই আমার এবং আমার স্ত্রীর বুক ধড়ফড় করে উঠত। মনে হতো, হয়তো কোনো দুঃসংবাদ শুনতে হবে।
অবশেষে ৫৭ দিনের প্রতিকূলতা, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা পেরিয়ে গত ৮ নভেম্বর আমরা বাবুকে নিয়ে বাসায় ফিরেছি। তবে লড়াই এখনো শেষ হয়নি; তাকে এখনো চোখের চিকিৎসক ও শিশুবিশেষজ্ঞের নিয়মিত ফলোআপে রাখতে হচ্ছে এবং আরও দীর্ঘ সময় এই প্রক্রিয়া চলবে।
আমাদের ছেলের নাম রাখা হয়েছে ধ্রুব নীল কাব্য।