নাট্যদল প্রাঙ্গণেমোরের প্রযোজনায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল বিখ্যাত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। তবে প্রদর্শনীর মাত্র তিন দিন আগে মহিলা সমিতির হল বরাদ্দ বাতিল করায় নাটকটি মঞ্চস্থ হতে পারেনি বলে অভিযোগ তুলেছে নাট্যদলটি।

প্রাঙ্গণেমোরের দাবি, নাগরিক নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে আপত্তির কারণে মহিলা সমিতি তাদের জন্য নির্ধারিত হল বরাদ্দ বাতিল করে। তবে নাগরিক নাট্য সম্প্রদায়ের দাবি ভিন্ন। তাদের ভাষ্যমতে, শুরুতে অনুমতি না নেওয়ায় তারা আপত্তি জানিয়েছিলেন, তবে পরবর্তীতে প্রাঙ্গণেমোরকে নাটকটি মঞ্চায়নের জন্য লিখিত অনুমতি প্রদান করা হয়েছে।

অন্যদিকে, মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর অনুমতির বিষয়টি তাদের জানানো হয়। কিন্তু অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি, যার ফলে বরাদ্দ পুনর্বহাল করা যায়নি।

প্রাঙ্গণেমোর বিস্তারিত জানিয়ে বলেছে, ১৯ ও ২০ নভেম্বর মহিলা সমিতিতে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই উদ্দেশ্যে তারা ১ নভেম্বর হল ভাড়াও পরিশোধ করেছিল। কিন্তু প্রদর্শনীর ঠিক আগমুহূর্তে মহিলা সমিতি তাদের হল বরাদ্দ বাতিলের কথা জানায়।

উল্লেখ্য, ব্রের্টল্ড ব্রেখটের একটি গল্পের রূপান্তর হিসেবে আসাদুজ্জামান নূর ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি লিখেছিলেন। ১৯৭৭ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় এটি প্রথমবার মঞ্চে প্রদর্শিত হয়। এবার প্রাঙ্গণেমোর নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা করেছিল।

প্রাঙ্গণেমোরের দাবি, ২০২৪ সালের শুরুর দিকে তারা আসাদুজ্জামান নূরের কাছ থেকে নাটকটি মঞ্চায়নের মৌখিক অনুমতি নিয়েছিল। পরবর্তীতে ১৭ নভেম্বর আসাদুজ্জামান নূরের পরিবার নাটকটি মঞ্চায়নের লিখিত অনুমতি প্রদান করে। সেই অনুমতিপত্রের কপি মহিলা সমিতিতে জমা দেওয়া হলেও হল বরাদ্দ বহাল রাখা হয়নি বলে অভিযোগ করে নাট্যদলটি।

প্রাঙ্গণেমোর আরও জানায়, ‘অনেক দর্শক অগ্রিম টিকিট বুক করেছিলেন। শেষ মুহূর্তে প্রদর্শনী বাতিল হওয়ায় আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।’

এর আগে ১৮ নভেম্বর নাটকটি মঞ্চায়নের জন্য শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে শিল্পকলা একাডেমি সেই বরাদ্দ বাতিল করে দেয়।

নাগরিক নাট্য সম্প্রদায় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পূর্বানুমতি ছাড়াই নাটকটি মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই কারণে প্রাঙ্গণেমোরকে লিখিতভাবে নাটকটি মঞ্চায়ন না করার অনুরোধ জানানো হয় এবং একই সঙ্গে মহিলা সমিতিকে বিষয়টি অবহিত করা হয়। তবে পরবর্তীতে প্রাঙ্গণেমোরের আবেদনের প্রেক্ষিতে নাটকটি মঞ্চায়নের লিখিত অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি করে নাগরিক নাট্য সম্প্রদায়। তারা জানায়, অনুমতিপত্র সংযুক্ত করে প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতি—উভয় পক্ষকেই বিষয়টি জানানো হয়েছে। নাগরিক নাট্য সম্প্রদায় নাটকটি মঞ্চায়নে সহযোগিতার অনুরোধও করেছে, তাই এই ঘটনায় তাদের দায়ী করার কোনো যুক্তি নেই বলে মনে করে তারা।

তবে শেষ পর্যন্ত প্রদর্শনী কেন হলো না, তা নিয়ে কথা বলেছেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক তামান্না রহমান। তিনি মুক্তকণ্ঠকে জানান, নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তির কারণেই হল বরাদ্দ বাতিল করা হয়েছিল।

নাগরিক নাট্য সম্প্রদায়ের অনুমতিপত্র জমা দেওয়ার পরও কেন প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে তিনি ব্যাখ্যা করেন যে, মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে বরাদ্দ কমিটি সিদ্ধান্ত নেয় এবং এরপর তা নির্বাহী কমিটিতে (ইসি) অনুমোদিত হতে হয়। স্বল্প সময়ের মধ্যে পুনরায় সভা করে সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি। এই কারণে প্রাঙ্গণেমোরকে জানানো হয়েছিল যে, এত অল্প সময়ে সভা আয়োজন করে বরাদ্দ পুনর্বহাল করা যাচ্ছে না।

ভবিষ্যতে নতুন করে আবেদন করলে হল বরাদ্দ দেওয়া হবে কি না, সে বিষয়ে তামান্না রহমান নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানান, এ ক্ষেত্রে প্রথমে বরাদ্দ কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে এবং পরে তা নির্বাহী কমিটিতে পাঠানো হবে। সদস্যদের মতামতের ভিত্তিতে সেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।