জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন স্পষ্ট করে জানিয়েছেন যে, বিএনপির ক্ষমতায় থাকার কারণেই তিনি এই পদে আসীন হয়েছেন। তাঁর মতে, নিজের রাজনৈতিক পরিচয় বা আত্মপরিচয় গোপন করার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনের কথা মাথায় রেখে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন বলেন, ‘বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কী আছে? মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’

নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদেরও মাঝেমধ্যে অনেক সময় ট্যাগ শুনতে হয় বিএনপির ভাইস চ্যান্সেলর। এখানে ট্যাগ দেওয়ার কী আছে? বহু সুশীল লোকজন তো ছিল, দেখেছি আমরা ৫ আগস্টের পরে। তাদের পরিচয় কী, আর কাজ কী, সেটাও আমরা দেখেছি। অবশ্যই আমার একটি পরিচয় আছে। আওয়ামী লীগের সেই ১৭ বছরের জুলুম সহ্য করেও আমি সেই পরিচয়ের কথা বলেছি। যত দিন বেঁচে থাকব, তত দিন বলেই যাব।’

তারেক রহমানের জন্য দোয়া করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে উপাচার্য বলেন, ‘দোয়া চাইতে হবে আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, এই দেশকে যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।’

বিগত দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলে উপাচার্য জানান, গত ১৫ থেকে ১৬ বছর তাঁরা কোন শ্রেণির নাগরিক হিসেবে গণ্য হচ্ছিলেন, তা নিজেরাও বুঝতে পারেননি। সেই সময়ে তাঁদের বাক্‌স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা কিংবা মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম স্বাধীনতা ছিল না। তাঁর মতে, এই চরম দুরবস্থার কারণেই ২০২৪ সালে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ছাত্র-জনতার প্রতিরোধ গড়ে তোলার ফলে আল্লাহ তাঁদের দীর্ঘদিনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন বলে তিনি বিশ্বাস করেন।

তারেক রহমানের অঙ্গীকারের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘বহু দিনের মানুষের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক অধিকার আদায়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। হওয়ার পরে তিনি বলেছেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। উনার যে অঙ্গীকার, তিনি কাজ করতে চান, তিনি সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চান। এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং উন্নতি যদি প্রত্যাশা করে থাকেন, তাহলে আমাদের স্বার্থেই আমরা বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’

দেশের বর্তমান অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক রইছ উদ্‌দীন বলেন, গত দুই বছর অনেকে নির্বিঘ্নে দেশে বসবাস করলেও বর্তমানে দেশে নৈরাজ্য দেখা যাচ্ছে। তিনি উদাহরণ হিসেবে জানান, নড়াইলে বিএনপির দুজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কারাগারে হামলার চেষ্টার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘গতকাল রাতে দেখেছি কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে। তো ১৫-১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ এই বাংলাদেশে কারও দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়, যাঁরা সুনাগরিক আপনাদের সকলকে রুখে দাঁড়ানো উচিত, সবাইকে প্রতিবাদ করা উচিত।’ তিনি আরও জোর দিয়ে বলেন, যিনি বর্তমানে দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, তাঁর জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং এর কোনো বিকল্প নেই।