শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’। বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করে ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ার সামনের চত্বরে দর্শক ও শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।

আজ বৃহস্পতিবার বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয় এবং বিকেল পাঁচটায় অনুষ্ঠানটি শুরু হয়। পুরো আয়োজনের দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন।

সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে শিক্ষা সমাপ্ত করে তিনি সাংবাদিকতা ও সংগীত—উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে তিনি ‘দলছুট’ ব্যান্ড গঠন করেন। তাঁর গান ও লেখনীর মধ্য দিয়ে প্রেম, বিরহ, জীবনবোধ, মানবিকতা এবং প্রতিবাদী চেতনার যে বহিঃপ্রকাশ ঘটেছিল, তা তাঁকে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে সঞ্জীব চৌধুরীর জীবন, কর্ম, শিল্পচর্চা ও তাঁর প্রতিবাদী চেতনা নিয়ে কথা বলেন তাঁর সহযোদ্ধা ও বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং সংগঠনটির বর্তমান সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক।

আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন ব্যান্ড ও একক শিল্পী গান পরিবেশন করেন। পরিবেশনকারীদের তালিকায় ছিলেন গানপোকা, সায়েম জয়, অর্ঘ্য দেব, স্বরব্যাঞ্জো, অং অং, তুহিন কান্তি দাস, অনিন্দ্য বিশ্বাস, দ্য পোস্ট অফিস সোসাইটি, ইলা লালালালা, অনিক দাস, মুবাশ্বির মাহমুদ নিবিড়, প্রিয়ন্তী আমিন, আনিয়া খান, ক্যাও থিন, রেজওয়ান ও অমি, রিমঝিম, রূপক–রাইয়ান–ওজি, মাহমুদুল হাসান, নবীন কিশোর গোস্বামী, মাহাবুব খালাসী, শিমুল কুম্ভকার, ইয়াসির আরাফাত রুবেল ও দুর্জয় রায়।

শিল্পীদের পরিবেশনার সময় দর্শক ও শ্রোতাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অনেকেই শিল্পীদের সঙ্গে গানের সুরে গলা মেলান, যার ফলে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকদের মতে, সঞ্জীব চৌধুরীর গান, কথা ও প্রতিবাদী চেতনাকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা এবং তাঁর সৃষ্টির মাধ্যমে মানবিকতা ও প্রতিবাদের চর্চাকে সামনে এগিয়ে নেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রয়াণের ১৯ বছর পেরিয়ে গেলেও গানের মাধ্যমে তিনি এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছেন।

গান, কথা এবং প্রতিবাদী চেতনার মধ্য দিয়ে অরাজকতার বিপরীতে স্বপ্নের কথা বলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’।