বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু করার আগেই অসময়ে পানি শুকিয়ে যাওয়ায় সুনামগঞ্জের হাওরগুলোতে শত শত একর ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। চাষাবাদের শুরুতেই তীব্র পানির সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন লাখো কৃষক। জলবায়ু গবেষক, জেলা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা কৃষি বিভাগের দাবি, বর্ষার শেষ সময়ে ও হেমন্তে বৃষ্টিপাত কম হওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বোরো ফসলের ভান্ডার হিসেবে পরিচিত সুনামগঞ্জের ছোট-বড় ১৩০টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৫১০ হেক্টরের বেশি বোরো জমি রয়েছে। এসব জমি থেকে প্রতি বছর প্রায় ১৪ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়। এই জেলার প্রায় ১০ লাখ মানুষ সরাসরি কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন।
স্থানীয় কৃষকদের মতে, বর্ষাকাল শেষে হাওরের পানি আশাতীতভাবে কমে যাওয়ায় চাষাবাদে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। হাওরে জনবসতি স্থাপনের শুরু থেকেই বোরো চাষাবাদ মূলত প্রকৃতিনির্ভর পানির (হাওরের খাল-বিল ও জলাশয়ে জমে থাকা পানি) মাধ্যমে হয়ে আসছে। কিন্তু এ বছর হাওরে পর্যাপ্ত পানি নেই। অসময়ে হাওর ও নদীর পানি নেমে যাওয়ায় এখন দূর থেকে সেচপাম্পের মাধ্যমে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকদের চাষাবাদের খরচ বহুগুণ বাড়ছে, অন্যদিকে হাওরে এমন শুষ্ক পরিবেশ অব্যাহত থাকলে বোরো ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের মধ্যতাহিরপুর গ্রামের কৃষক বুরহান উদ্দিন বলেন, “গত ৬৩ বছরে হাওরে প্রকৃতির এমন পরিবর্তন দেখেননি তিনি। গত বৈশাখে অতিবৃষ্টির পানিতে ধান তলিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর ধানের সঠিক মূল্যও পাননি তারা। এ বছর বীজতলা তৈরির আগেই বোরো জমি শুকিয়ে গেছে। চলতি বোরো মৌসুমে বোরো চাষিদের পাম্পের মাধ্যমে সহযোগিতা করা প্রয়োজন। তা না হলে এ বছর কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে। হাওরে এমন পরিবেশ থাকলে ধানের উৎপাদন কমতে পারে।”
সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওরপাড়ের জগাইরগাঁও গ্রামের কৃষক আবুল বরকত বলেন, “হাওরে এমন অবস্থা আগে কখনও দেখেননি তারা। হাওরে চাষাবাদ করতে হয় প্রকৃতিনির্ভর পানির মাধ্যমে। কিন্তু এ বছর হাওর থেকে অনেক আগেই পানি নেমে গেছে। বৃষ্টি না হলে বোরো ধান চাষাবাদ করা কঠিন হবে। বীজতলা ও জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। সেখানে ঘাস উঠেছে এবং গরু-ছাগল চরানো হচ্ছে।”
একই এলাকার কৃষক মোহাম্মদ নুর মিয়া বলেন, “পুরো হাওরই শুকিয়ে গেছে। কৃষকরা কীভাবে চাষাবাদ করবেন, তা নিয়ে কেউ কথা বলছেন না। কৃষি বিভাগও কোনো পরামর্শ দিচ্ছে না। বীজতলা তৈরিতেই দূর থেকে পাম্পের মাধ্যমে পানি আনতে হচ্ছে। এতে অন্য বছরের তুলনায় চাষাবাদের খরচ বাড়ছে।”
হাওর এলাকার জলবায়ু গবেষক সালেহীন চৌধুরী শুভ বলেন, “সুপার এল নিনোর প্রভাব পড়েছে এশিয়ায়। আশ্বিন ও কার্তিক মাসে বৃষ্টি কম হয়েছে। এতে নদীর পানির স্তর নিচে থাকায় হাওরে পানি দ্রুত নেমে যাচ্ছে। সুপার এল নিনোর প্রভাবে আগামী শীতের পরপরই আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।” তিনি চাষাবাদের জন্য পানি সংরক্ষণের লক্ষ্যে হাওর এলাকার খাল-বিল ও জলাশয় খনন করার দাবি জানান।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী-২ প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, “অন্য বছর ডিসেম্বর মাসে হাওরের পানি নামলেও এ বছর অক্টোবর মাসেই পানি নেমে গেছে। অন্য বছর নভেম্বর মাসে ২৭ মিলিমিটার বৃষ্টি হলেও এ বছর মাত্র ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানির স্তরও অনেক নিচে রয়েছে। এ কারণে হাওরগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে। এতে কৃষকদের বীজতলা তৈরিতে অসুবিধা হচ্ছে।”
তিনি আরও জানান, কোথাও কোথাও রাতের আঁধারে হাওরের বাঁধ কেটে দেওয়ার কারণেও পানি দ্রুত কমেছে। বাঁধ কাটা রোধ করতে কৃষকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া হাওরে পানি ধীরগতিতে নামানোর জন্য কয়েকটি নির্দিষ্ট জায়গায় জিও ব্যাগ ফেলা ও বাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, “হাওরে বোরো চাষাবাদ প্রকৃতিগত পানির ওপর নির্ভরশীল। বর্ষার শেষে বৃষ্টিপাত না হওয়ায় হাওরে পানির পরিমাণ তুলনামূলক কম। পাশাপাশি এল নিনোর প্রভাবে তাপমাত্রা বেশি হওয়ায় পানি দ্রুত নেমে যাচ্ছে। অন্য বছরের মতো হাওরে পানি না থাকায় কৃষকরা চাষাবাদে বাধাগ্রস্ত হচ্ছেন। পানির কাছাকাছি বীজতলা তৈরির জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের চাষাবাদের জন্য পানি সংরক্ষণের বিষয়ে জেলা সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। যেসব এলাকায় কোনোভাবেই পানি পাওয়া যাবে না, সেখানে বিকল্প হিসেবে অন্যান্য রবিশস্য চাষ করার জন্য কৃষকদের অনুরোধ করা হচ্ছে।