নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সুরমা নদী থেকে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম অদ্বৈত্য সরকার আদিত্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে সকাল পৌনে ৭টার দিকে খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের পুত্র। পেশায় তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে নদীতে মরদেহ ভেসে ওঠার পর পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”