চোখ ছলছল করছে সাইফুলের। এক সপ্তাহ ধরে গাধার খাটুনির পর অফিসে একটি প্রপোজাল জমা দিয়েছিল সে তার বসের কাছে। কিন্তু বস কী করলেন? আজ তাকে রুমে ডেকে নিয়ে বললেন, ‘ফুল কপি’। তা-ও যদি তাকে একা ডেকে বলতেন! কিন্তু বস বলেছেন পিয়নের সামনে। এটা কি কোনো কথা? বর্তমান এআইয়ের যুগে একটু-আধটু কপি কে না করে?
সাইফুলের মনে হচ্ছিল, বসের চেয়ার বরাবর একটি টিয়ার শেল ছুড়ে মারুক। যে বস বিনা কারণে তার চোখে জল এনেছেন, টিয়ার শেলের ধোঁয়া তার প্রাপ্য। তবে সমস্যা একটাই, এই ধোঁয়াস্ত্র কোথায় পাওয়া যায়, তা কে জানে?
ফোনালাপ শেষ করে বস তাকালেন সাইফুলের দিকে। সমস্যা কী, চেয়ারে কি ছারপোকা আছে? সাইফুল দাঁড়িয়ে পড়লেন কেন? তার প্রজেক্ট কি সেলিব্রেট করতে হবে না?
বসের রুমে ঢোকার সময় সাইফুল ঘুণাক্ষরেও বুঝতে পারেনি দিনটি এমন মোড় নেবে। ফোনে কথা বলতে থাকা বস হাতের ইশারায় তাকে বসতে বললেন। তারপরেই ঘটল সেই ঘটনা। হাতে সাইফুলের প্রপোজালের ফাইলটি তুলে বস পিয়নকে ডাকলেন। ফাইলটি দেখিয়ে একটি ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বললেন, ‘ফুল কপি’। বদের বদ পিয়নটি সাইফুলের দিকে তাকিয়ে মুচকি হাসল।
সাইফুলের মাথা চক্কর দিয়ে উঠল। বস বলে পিয়নের সামনে এভাবে অপমান করবেন? যদিও এটা ঠিক যে, কিছুটা গুগল মামা এবং কিছুটা চ্যাটজিপিটি কাকুর সাহায্য সে নিয়েছে। এই সময়ে এসে কে সাহায্য নেয় না? বড়জোর কোয়ার্টার কপি বা হাফ কপি করেছে সে। তাই বলে ‘ফুল কপি’ বলে মিথ্যা অপবাদ দেওয়া কি ঠিক? প্রপোজাল পছন্দ না হলে বলে দিলেই হতো। তা না করে পিয়নকে ডেকে এনে ইনসাল্ট করা কি উচিত? যে পিয়ন আবার একাই অফিসের বিবিসি, রয়টার্স, সিএনএন এবং ফক্সের দায়িত্ব পালন করে। ব্যাটা এতক্ষণে নিশ্চয়ই এই খবর ‘ব্রেকিং নিউজ’ বলে পুরো অফিসে রটিয়ে দিয়েছে।
সাইফুল ভাবছিল, এখান থেকে বের হলেই পাশের ডেস্কগুলো থেকে ছুটে আসবে মালেক, সালেক এবং খালেক ভাই। সব হিংসুটে আর জেলাসরা দল বেঁধে মজা নেওয়া শুরু করবে। ইশ্, অ্যাকাউন্টস সেকশনের মিলির সঙ্গে ভাবটা প্রায় জমে উঠছিল। এই সিলি কারণে সে কী ভাববে? এইচআর ডিপার্টমেন্টের তুলি কি আর মুখ তুলে তাকাবে? তাকে বলাই হলো না যে, তোমার ডেস্কে হেলান দিয়ে যখন কেউ হেসে কথা বলে, আমার খুব জ্বলে।
দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল সাইফুল। এখানে আর বসে থাকার কোনো মানেই হয় না। বস ততক্ষণে অন্য একটি ফোনকলে ব্যস্ত। তিনি হাতের ইশারায় তাকে বসতে বললেন। ফোনালাপ শেষ করে তিনি সাইফুলের দিকে তাকালেন। সমস্যা কী, চেয়ারে ছারপোকা নাকি? দাঁড়িয়ে পড়লেন কেন? আপনার প্রজেক্ট সেলিব্রেট করতে হবে না?
সাইফুল নিজেকে আর কুল রাখতে না পেরে বলল, ‘স্যার, মানুষকে মূল্যায়ন করা...’
কথা শেষ করার আগেই পিয়ন ভেতরে ঢুকল। তার হাতে ছিল একটি ট্রে। ট্রেতে রাখা প্লেটটি দুজনের সামনে রেখে সে বলল, ‘এই নেন স্যার। গরম-গরম ফুলকপির বড়া।’
বসের মুখ উজ্জ্বল হয়ে উঠল। একটি ফুলকপির বড়া ফুঁ দিয়ে মুখে ঢোকাতে ঢোকাতে তিনি বললেন, ‘আপনার প্রজেক্ট সিলেক্ট হয়েছে। সেটার এই “ফুলকপি” সেলিব্রেশন কেমন লাগল? আপনিই বলুন, এই মৌসুমে ধোঁয়া ওঠা ফুলকপির বড়ার চেয়ে ভালো আর কিছু আছে?’ সাইফুল হাঁ হয়ে দুপাশে মাথা নাড়াল।
বস আরেকটি ফুলকপির বড়া মুখে ঢুকিয়ে বললেন, মানুষ মূল্যায়ন নিয়ে কী যেন বলতে চাইলেন?
বসের দেখাদেখি সাইফুলও একটি ফুলকপির বড়া ফুঁ দিয়ে মুখে ঢুকিয়ে বলল, ‘মানুষকে মূল্যায়ন করার এমন অদ্ভুত ক্ষমতা শুধু আপনার মধ্যেই আছে, বস।
নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট; যেদিকে তাকাই আপনিই বেস্ট।’