প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার দিনব্যাপী লালমনিরহাট জেলা সফর করছেন।

আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে তিনটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি বিকেলে ঢাকায় ফিরে আসবেন।”

প্রধানমন্ত্রীর আজকের নির্ধারিত কর্মসূচির তালিকায় রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করা।

এছাড়া তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানিনিষ্কাশন খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় করবেন। সবশেষে জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য যে, বিএনপির নেতা হিসেবে তারেক রহমান সর্বশেষ ২২ বছর আগে লালমনিরহাটে গিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর।