ব্রাজিলের হয়ে গোল করে বছর শেষ করেছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। তবে মাঠের সাফল্যের চেয়েও বড় এক আনন্দের খবর অপেক্ষা করছিল তার ব্যক্তিগত জীবনে। প্রথমবারের মতো বাবা হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের ৭-০ গোলের বিশাল জয়ের পর নিজেই এই সুখবরটি সবার সামনে নিয়ে এসেছেন তিনি।

তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দার কোলজুড়ে এসেছে এক পুত্রসন্তান। ছেলের নাম দিয়েছেন কেনড্রিক। মাত্র ২০ বছর বয়সেই জীবনের এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখলেন এই ফুটবলার।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করেন এনদ্রিক, এস্তেভাও ও রায়ান। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনদ্রিক যে ব্যক্তিগত সুখবরটি দিলেন, সেটিই এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম স্পোরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের জন্মের কথা নিশ্চিত করেন এনদ্রিক। সেই সঙ্গে সিঙ্গাপুরের বিপক্ষে করা নিজের গোলটি তিনি উৎসর্গ করেছেন স্ত্রী ও নবজাতক সন্তানের প্রতি।

এনদ্রিক বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। ছেলেটা অসাধারণ, আমার স্ত্রীও খুব খুশি। এই গোলটা আমার ছেলে ও স্ত্রীর জন্য। সন্তান জন্ম দেওয়ার পর যে কঠিন সময়ের মধ্য দিয়ে সে যাচ্ছে, তা সামলাতে অনেক শক্তি প্রয়োজন। আমি জানি, বিষয়টি সহজ নয়। সে অসাধারণ একজন স্ত্রী।’

ম্যাচে গোল করার পর উদ্‌যাপনেও ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন এনদ্রিক। দুই হাত দিয়ে হৃদয়ের চিহ্ন তৈরি করে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। পরে জানা যায়, এই বিশেষ উদ্‌যাপনের পেছনে ছিল নবজাতক কেনড্রিকের প্রতি ভালোবাসা। ছেলের জন্য তার বার্তা ছিল সংক্ষিপ্ত, ‘বাবা তোমাকে ভালোবাসে।’

সন্তানের জন্মের পর জাতীয় দলের হয়ে খেলতে আসার ক্ষেত্রে স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন এনদ্রিক। তার দাবি, গ্যাব্রিয়েলিই প্রথম ব্যক্তিদের একজন, যিনি তাকে ব্রাজিলের হয়ে খেলতে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন।

এনদ্রিক বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি। আমার স্ত্রীই আমাকে জাতীয় দলের হয়ে খেলতে আসতে উৎসাহ দিয়েছে। সে এখন আমাদের সন্তানের যত্ন নিচ্ছে। এমন একটি পরিবার পাওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ।’

তবে বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনতে কিছুটা সময় নিয়েছেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি। সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ তারা জানাননি। এমনকি নবজাতকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিয়েছেন এনদ্রিক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি তার ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব প্রচারের বাইরে রাখতে চান।

এনদ্রিকের ভাষায়, ‘আমি সাধারণত শুধু নিজের ফুটবল ক্যারিয়ার নিয়েই কথা বলতে পছন্দ করি। সংবাদমাধ্যম ও ইন্টারনেটের পরিবেশ কেমন, তা আমরা সবাই জানি। দুর্ভাগ্যজনকভাবে অনেক কিছুই ঘটে। তাই ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চাই। ভবিষ্যতে আমার ছেলে নিজেই সিদ্ধান্ত নেবে, সে জনসমক্ষে আসতে চায় কি না।’

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তার মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন এনদ্রিকের স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দাও। তিনি অভিযোগ করেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় অনলাইনে নানা ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ও আক্রমণের শিকার হয়েছেন তিনি।

গ্যাব্রিয়েলি জানিয়েছেন, সম্পর্কের শুরু থেকেই তাকে অনেক অপমানজনক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। এমনকি তিনি মৃত্যুকামনামূলক বার্তাও পেয়েছেন বলে দাবি করেছেন। সন্তান জন্মের পর নবজাতককেও একই ধরনের আচরণের মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা করেই তাকে প্রচারের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গ্যাব্রিয়েলি বলেন, ‘আমরা আমাদের সন্তানের জন্মের দিনটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার প্রয়োজন মনে করি না। সে কেবল একটি শিশু। আমরা তার ব্যক্তিগত জীবন সুরক্ষিত রাখতে চাই। এটি আমাদের নিজেদের একটি অন্তরঙ্গ ও বিশেষ মুহূর্ত, যেটিকে ইন্টারনেটের জন্য কনটেন্টে পরিণত করার প্রয়োজন নেই।’

দীর্ঘ ওই বার্তায় অনলাইনে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

গ্যাব্রিয়েলির ভাষায়, ‘আমি কখনোই আমার প্রাপ্য সম্মান পাইনি। অসংখ্য বিদ্বেষপূর্ণ বার্তা, মৃত্যুকামনা, কটু মন্তব্য ও আক্রমণের মুখোমুখি হয়েছি, যা কোনো নারীরই সহ্য করা উচিত নয়, বিশেষ করে গর্ভাবস্থায়।’

নবজাতক সন্তানকেও একই ধরনের নেতিবাচক আচরণের শিকার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাই ছেলের শৈশবকে অপ্রয়োজনীয় প্রচার থেকে দূরে রাখতে চান এই দম্পতি।

গ্যাব্রিয়েলি বলেন, ‘আমরা বিশ্বাস করি, অপ্রয়োজনীয় প্রচারের বাইরে বড় হওয়ার অধিকার তার রয়েছে। আশা করি সবাই আমাদের সিদ্ধান্ত, ব্যক্তিগত পরিসর এবং এই মুহূর্তটি নিজেদের মতো করে উপভোগ করার অধিকারকে সম্মান করবেন।’

এনদ্রিক ও গ্যাব্রিয়েলির সম্পর্কের শুরু ২০২৩ সালে। পরের বছর সেপ্টেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের এপ্রিলে প্রথম সন্তানের অপেক্ষায় থাকার খবর জানান এই দম্পতি। এরপর জুলাইয়ে ব্রাজিলের সাও পাওলোয় ঘরোয়া এক অনুষ্ঠানে অনাগত সন্তানের নাম কেনড্রিক রাখার কথা প্রকাশ করেন তারা।

ছেলের নামটি নিয়েও রয়েছে একটি বিশেষ গল্প। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, কেনড্রিক নামটি এনদ্রিকের বাবা-মাও একসময় তার জন্য বিবেচনা করেছিলেন। শেষ পর্যন্ত সেই নামই নিজের প্রথম সন্তানের জন্য বেছে নিয়েছেন এই তরুণ ফুটবলার।

এদিকে মাঠের লড়াইয়েও স্মরণীয় দিন কাটিয়েছেন এনদ্রিক। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সরাসরি সহায়তা করেছেন তিনি।

ম্যাচের ১৫ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে গোলের পাস দেন এনদ্রিক। তার বাড়ানো বল থেকে ফাঁকা জালে গোল করে ব্রাজিলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়ুস।

এরপর ৩১তম মিনিটে নিজেও গোলের দেখা পান এনদ্রিক। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। গোলের পরপরই দেখা যায় তার সেই বিশেষ উদ্‌যাপনের দৃশ্য।