কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর ওই আসনে সম্ভাব্য উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা এই আসনে নির্বাচনে অংশ নেওয়ার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। মনোনয়নপ্রত্যাশীদের কেউ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ত্যাগকে নিজেদের যোগ্যতার মাপকাঠি হিসেবে তুলে ধরছেন, আবার কেউ গুরুত্ব দিচ্ছেন এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে।
প্রার্থীদের বক্তব্যে প্রধানত যোগাযোগব্যবস্থা, কৃষি, মৎস্য সম্পদ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। তবে স্থানীয় ভোটারদের প্রত্যাশা ভিন্ন; তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এবং এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কাজ করবেন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমন। তিনি গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে দলের মনোনীত প্রার্থীর জন্য কাজ করেছিলেন। সাইফুল ইসলামের দাবি, “তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ততাই তার বড় শক্তি।” তিনি জানান, দলীয় মনোনয়ন পেলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদী-নালা ও খাল-বিল সংস্কার এবং মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাও এই আসনে মনোনয়নপ্রত্যাশী। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আহ্বায়ক এবং জেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব সামলেছেন। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। জাহাঙ্গীর আলম আশাবাদ ব্যক্ত করেন যে, এবার দল তাকে মূল্যায়ন করলে তিনি বিপুল ভোটে জয়ী হতে পারবেন। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করতে চান তিনি।
তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রদলের সভাপতি এবং দীর্ঘ সময় তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জানান, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণেই তার প্রার্থী হওয়ার আগ্রহ তৈরি হয়েছে। দল তাকে ধানের শীষের মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনা তার রয়েছে।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস জানান, গত ১৫ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে করিমগঞ্জের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি। জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দুইবার এবং সাধারণ সম্পাদক হিসেবে একবার দায়িত্ব পালন করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে হাওরাঞ্চলের কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান। তার মতে, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার এবং সাংগঠনিক ভূমিকা রাখার বিষয়টি মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় আসা উচিত। জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মীবান্ধব ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার কথাও জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমনও কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তিনি। গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। বর্তমানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন পেলে করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান বলেন, “কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দল তার ওপর আস্থা রেখে দায়িত্ব দিলে তিনি আবারও নির্বাচনে অংশ নেবেন।” উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন তালুকদারও এই আসনে সম্ভাব্য প্রার্থী। এর আগে তিনি ১০ বছর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়ে তোলার পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নত করতে চান তিনি। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে আইটি সেন্টার ও উপজেলায় উন্নত প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তিনি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শেখ খায়রুল কবীরও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ খায়রুল কবীর মনে করেন, করিমগঞ্জ ও তাড়াইলে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। নির্বাচিত হলে তিনি যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব নিরসন ও মাদক নিয়ন্ত্রণের কাজ করবেন। পাশাপাশি কৃষিনির্ভর এই এলাকায় কৃষিভিত্তিক শিল্পাঞ্চল বা ‘এগ্রিকালচারাল হাব’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। তার মতে, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করা।
সম্ভাব্য প্রার্থীদের নানা পরিকল্পনার বিপরীতে ভোটারদের প্রত্যাশা মূলত এলাকার সমস্যা সমাধান ও জনবান্ধব নেতৃত্বকে ঘিরে। করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের চরদেহুন্দা গ্রামের শফিকুল ইসলাম বলেন, “তারা এমন জনপ্রতিনিধি চান, যিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করবেন এবং মানুষের ভোগান্তি কমাতে কাজ করবেন।” একই উপজেলার জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামের আজগর আলীর প্রত্যাশা, জনপ্রতিনিধি হবেন নম্র, ভদ্র ও বিনয়ী। ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়ন করবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।
তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রামের ফরিদ উদ্দিন বলেন, “শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে কাজ করবেন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এমন প্রার্থীকে তারা বেছে নিতে চান।” একই উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামের তাকবির হোসেনের চাওয়া, জনপ্রতিনিধি দলমতের ঊর্ধ্বে উঠে অন্যায়ের প্রতিবাদ করবেন এবং এলাকার সমস্যা সমাধানে জনগণের পক্ষে কাজ করবেন।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশাও উঠে এসেছে মনোনয়নপ্রক্রিয়ায়। করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন, “দল এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বলে তারা আশা করেন, যিনি এলাকায় থেকে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও যথাযথ মূল্যায়ন করবেন।”
তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, “রাজপথের আন্দোলন-সংগ্রামে যার শ্রম ও ত্যাগ রয়েছে এবং যিনি সুদিন-দুর্দিনে নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকবেন, এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত। পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো সংসদে তুলে ধরে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন এমন প্রার্থী চান তারা।”
সব মিলিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে সম্ভাব্য উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়লেও শেষ পর্যন্ত দলগুলো কাকে মনোনয়ন দেবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি যেন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখেন।
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।