বিগত স্বৈরাচারী শাসনের সময়ে গুম ও খুনের শিকার এবং জুলাই গণআন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের ১ হাজার সদস্যকে মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম কার্যদিবসে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি। ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের করা একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত জানান।

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান উল্লেখ করেন যে, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দালালদের প্রতারণার কারণে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় করে ভুয়া ভিসায় বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি প্রস্তাব করেন, সরকার যদি সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং তার খরচ কত হবে তা প্রকাশ করে, তবে সাধারণ মানুষ এই প্রতারণা থেকে রক্ষা পাবেন।

কামরুল হাসান আরও বলেন, সরকার যদি বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দেয় এবং প্রয়োজনে প্রণোদনা প্রদান করে, তবে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। এর ফলে একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। এই বিষয়ে সরকার সরাসরি পদক্ষেপ নেবে কি না, তা জানতে চান তিনি।

এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন দেশের মানুষের সঙ্গে এমন প্রতারণা করেছে। এর ফলে বেশ কিছু দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল অথবা স্থগিত ও কমিয়ে দিয়েছিল।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় গিয়েছেন। সম্প্রতি প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন যে, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, “শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হব। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় ১ হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তারেক রহমান জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কিছু দেশ জানিয়েছে যে তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশার কর্মী নেবে। পাশাপাশি যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তাঁর কাছে বোধগম্য হয়নি। তিনি বলেন, “সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি কিন্তু বলেছিলাম যে, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে সক্ষম হয়েছি। আপনি জানলে আরও খুশি হবেন, আমরা কথাবার্তা বলে চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভিতরে থাকে। এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে, আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন যাবেন, এদেশ থেকে শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়াটি চলছে।”