ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। দায়িত্বপ্রাপ্তির পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পেশাগত জীবনে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরেরও বেশি সময়ের দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। তাঁর কর্মজীবনে জটিল ব্যবসায়িক পরিস্থিতি ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং কৌশলগত অংশীজনদের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। এছাড়া করপোরেট সুনাম বৃদ্ধিতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে জানা গেছে।

ইউনিলিভার বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ে তিনি প্রতিষ্ঠানটির বোর্ড এবং কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয় যে, শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন।

নতুন এই নিয়োগ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, ‘করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব আমাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে, অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।’