যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের একটি বিতর্কিত বিধি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার এক রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেইলর এই বিধিটিকে ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। আদালতের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসা হাজার হাজার বিদেশি শিক্ষার্থী স্বস্তি পেয়েছেন।
মেয়াদ সীমিত করার উদ্যোগের প্রেক্ষাপট—
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই নতুন বিধিটি চূড়ান্ত করেছিল। প্রস্তাবিত এই নিয়মের আওতায় এফ ও জে ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সর্বোচ্চ মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়। যদি কোনো শিক্ষার্থী, গবেষক কিংবা অধ্যাপক নির্ধারিত এই সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করতে চাইতেন, তবে তাদের আলাদাভাবে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হতো।
উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার অধীনে বিদেশি শিক্ষার্থীরা তাদের ভিসার শর্তাবলী মেনে পড়াশোনা চালিয়ে গেলে এবং নিজ নিজ শিক্ষাক্রমে স্বাভাবিক অগ্রগতি বজায় রাখতে পারলে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন।
আদালতে আইনি লড়াই ও রায়—
নতুন এই বিধির বিরুদ্ধে গত আগস্টে শিক্ষা ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের একটি জোট মামলা দায়ের করে। তাদের প্রধান যুক্তি ছিল, প্রস্তাবিত এই বিধিটি সম্পূর্ণ অযৌক্তিক এবং এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।
আদালত তার পর্যবেক্ষণে জানান, ডিএইচএস নতুন বিধির সম্ভাব্য সুফল ও ক্ষতির যথাযথ মূল্যায়ন করতে পারেনি। এছাড়া জালিয়াতি ও জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে সংস্থাটি এই পরিবর্তনের যথেষ্ট যৌক্তিকতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আদালতের এই রায়ের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য দীর্ঘকাল ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থাটি বহাল থাকছে।
ডিএইচএসের প্রতিক্রিয়া ও সমালোচনা—
তবে আদালতের এই রায়ের তীব্র সমালোচনা করেছে ডিএইচএস। সংস্থাটির জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “শিক্ষার্থী ভিসায় এসে প্রতি সেমিস্টারে একটি করে কোর্স নিয়ে কয়েক দশক যুক্তরাষ্ট্রে থাকার সুযোগকে বিচারক ডেনিস সেইলরের রায় কার্যত অনুমোদন দিয়েছে।”
ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, বিদেশি শিক্ষার্থীদের ভিসা জালিয়াতি রোধ এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই কঠোর নীতিমালা গ্রহণ করা হয়েছে। বিপরীতে, শিক্ষা ও অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের সক্ষমতাকে কমিয়ে দেবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন একাডেমিক শিক্ষা বা ভাষা প্রশিক্ষণ গ্রহণের জন্য মূলত এফ-১ ভিসা প্রদান করা হয়। অন্যদিকে, এক্সচেঞ্জ বা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য প্রযোজ্য হয় জে-১ ভিসা।