বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই মন্তব্য করেন সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।
ব্রিফিং চলাকালীন সাংবাদিকেরা প্রশ্ন তোলেন যে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতায় আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও বেশি শাখায় হামলা চালিয়েছেন। উল্লেখ করা হয়, এটি একটি নোবেল বিজয়ী ব্যাংক এবং ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই সম্ভবত ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রেক্ষাপটে জাতিসংঘ কি ব্যাংকটিতে হামলার ঘটনাটিকে কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে, নাকি এই বিষয়ে তাদের কোনো নির্দিষ্ট মন্তব্য রয়েছে—এমন প্রশ্ন করা হয়।
এর জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তবে অবশ্যই আমাদের দিক থেকে বলতে পারি, অবশ্যই আমরা বিশ্বাস করি যে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। আমরা এখানে গুরুত্ব দিই যে এই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’