আমানত সংগ্রহের নামে আপ্যায়ন ব্যয়ের খেরো করে বিধি-বহির্ভূতভাবে ৪ কোটি টাকা উত্তোলনের অভিযোগে বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. হামিদুর রহমান।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে প্রেরিত একটি পত্রের মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ১২ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদের সভায় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাপ্ত তথ্যানুসারে, গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খানের সঙ্গে পর্ষদ চেয়ারম্যানের একটি নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংক থেকে আসা নির্দেশনা ও পরামর্শ যথাযথভাবে পরিপালন নিশ্চিত করার অংশ হিসেবেই ৪ কোটি টাকা নগদ উত্তোলনকারী ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে।

কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ (এফসিএ) মুক্তকণ্ঠকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাগুলো দ্রুততম সময়ের মধ্যে পরিপালন নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আরও জানান, বরখাস্তের আদেশের কপি ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

আর্থিক অনিয়মের দায়ে তাদের বরখাস্ত করার কথা জানিয়ে তিনি বলেন, ‘যে পরিমাণ টাকা অনিয়ম হয়েছে, তাদেরকে সম-পরিমাণ টাকা পুনরায় জমা দেওয়ার কথা বলা হয়েছে।’

উল্লেখ্য, এসইভিপি দেলোয়ার হোসেন এর আগে এনআরবিসি ব্যাংকে কর্মরত ছিলেন। সেই সময়ে তিনি গুরুতর আর্থিক অনিয়মের দায়ে চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ৭৪ কোটি টাকা আত্মসাৎ এবং ৭ লাখ মার্কিন ডলার মূল্যের রপ্তানি পণ্যের অর্থ দেশে না পাঠানোর অভিযোগে মামলা চলমান রয়েছে। এছাড়া কমার্স ব্যাংকের একটি অভ্যন্তরীণ নিরীক্ষায় তার বিরুদ্ধে ট্রেড-বেজড মানিলন্ডারিংয়ের অভিযোগও সামনে এসেছে।