ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাংকটির চেয়ারম্যান জহির হোসেনকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ এবং নিয়োগের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর পল্টন থানার সাবেক আমির শাহিন আহমেদ খানের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে যে, তার পছন্দের দুই সাবেক ব্যাংক কর্মকর্তাকে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ দেওয়ার জন্য তিনি এই চাপ প্রয়োগ করেন।

গত সোমবার (১৭ নভেম্বর) ফাউন্ডেশনের নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষা বা ভাইভা চলাকালীন এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জহির হোসেন নিজেই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহবুব আলম এবং সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আমিনুর রহমানকে ফাউন্ডেশনের জিএম পদে নিয়োগ দেওয়ার জন্য তদবির করছিলেন শাহিন আহমেদ খান। নিয়োগ বোর্ডের দায়িত্ব পালনের সময় তিনি ফোন করে চেয়ারম্যানকে চাপ দেন এবং একপর্যায়ে তাকে অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।

এই বিষয়ে জহির হোসেন বলেন, ‘সোমবার নিয়োগ-সংক্রান্ত ভাইভা বোর্ডে দায়িত্ব পালনকালে আমাকে ফোন করা হয়। নিয়োগের বিষয়ে চাপ প্রয়োগের একপর্যায়ে এমন অশালীন ভাষায় গালাগালি করা হয়, যা প্রকাশের অযোগ্য। একটি প্রতিষ্ঠানের নিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্তে এ ধরনের চাপ ও অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। নিয়োগসহ সব সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া উচিত। এ ধরনের ঘটনায় দায়িত্বশীল ব্যক্তিদের সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।’

ঘটনাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানোর কথা উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জহির হোসেন। তিনি স্পষ্টভাবে জানান, ‘এভাবে চলতে থাকলে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না।’

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ব্যাংকটির চেয়ারম্যানকে এর আগেও বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হতে হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা ব্যক্তির প্রতি এমন চাপ প্রয়োগ এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠলেও, এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।