ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গ থেকে মরদেহটি বুঝে নেন তিনি। মিম আক্তারের প্রবল ইচ্ছা ছিল স্বামীর লাশ নিজ বাড়িতেই দাফন করার। তবে বিভিন্ন হুমকি পাওয়ার কারণে শেষ পর্যন্ত মেহেদীর নানার বাড়িতেই দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
সন্ধ্যা সাতটা ১০ মিনিটে মিম আক্তার বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন। এর আগে স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার আশায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি নগরের মাসকান্দা এলাকার গণসার মোড়ে অপেক্ষা করছিলেন। উল্লেখ্য, গণসার মোড়েই মেহেদীর নানার বাড়ি অবস্থিত।
মিম মুক্তকণ্ঠকে বলেন, “স্বামীর মরদেহ বাড়িতে নেওয়া হলে পুড়িয়ে ফেলা হতে পারে বলে বিভিন্ন জনের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়।”
পরিবারের সদস্যদের মধ্যে আলোচনার পর শেষ পর্যন্ত মেহেদীর লাশ তাঁর নানার বাড়িতেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে মরদেহটি নানার বাড়ির সামনে আনা হয়। সেখান থেকে প্রায় ৪০০ গজ দূরে অবস্থিত সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে মরদেহটি নিয়ে যাওয়া হয়। স্বজনরা জানান, বাদ এশার জানাজা শেষে সিটি করপোরেশনের গোরস্থানেই লাশ দাফন করা হবে।
মেহেদীর লাশ বাড়ি নিয়ে দাফনের ক্ষেত্রে কেউ তাঁর স্ত্রীকে হুমকি দিয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, “হুমকির বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের কেউ পুলিশকে কিছু জানায়নি। মেহেদীর লাশ বিকেলেই হাসপাতাল থেকে তাঁর স্ত্রী–স্বজনেরা নিয়ে গেছেন।”
অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, মেহেদী হাসানের মরদেহ তাঁর পরিবার যেখানে দাফন করতে চায়, সেখানে নিয়ে যেতে পারে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছিল, এমন কোনো জায়গায় যেন মরদেহ দাফন করা হয়, যেখানে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না। এটি ছিল তাঁদের নিরাপত্তার স্বার্থে দেওয়া পরামর্শ। মরদেহ কোথায় দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের ওপর পুলিশের কোনো বাধ্যবাধকতা নেই।”
নিহত মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের পুত্র। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।
ঘটনার সূত্রপাত গত রোববার সন্ধ্যা সাতটার দিকে। নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেই সময় তিনি নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এবং মেয়ের সামনেই তাঁকে হত্যা করা হয়। সুরুজ জামান হত্যাকাণ্ডের পর রোববার দিবাগত রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে মেহেদী সেখানে গেলে উত্তেজিত জনতা তাঁকে পিটিয়ে হত্যা করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গতকাল সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল। গতকাল দিনভর পুলিশ স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও আতঙ্কের কারণে কেউ মরদেহ নিতে আসতে রাজি হচ্ছিলেন না।
আজ মঙ্গলবার বিকেল চারটায় মেহেদীর স্ত্রী মিম আক্তার, খালা শাহিদা আক্তার, ফুফু হেনা আক্তার ও খালাতো ভাই জিসান আহমেদসহ কয়েকজন স্বজন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মরদেহটি বুঝে নেন। ময়নাতদন্ত শেষে বিকেল চারটার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন মর্গ থেকে স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করেন।
মিম আক্তার মুক্তকণ্ঠকে বলেন, “তাঁর স্বামীর পরিবারের সঙ্গে সুরুজ জামানের বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল। আওয়ামী লীগের শাসনামলে তাঁর স্বামীর পরিবার বালুর ব্যবসা করত। সরকার পতনের পর ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন সুরুজ জামান। এ নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা। তাঁর স্বামীকেও পিটিয়ে হত্যা করা হয়েছে।”
স্বামী হত্যার ঘটনায় মামলা করবেন কি না, জানতে চাইলে মিম বলেন, “মামলা করলে তো আর থাকতে দেবে না। পরিস্থিতি ভালো হোক পরে মামলা করা হবে।”
এদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। মেহেদীর পরিবার অভিযোগ দিলে মামলা করতে কোনো সমস্যা নেই।