গণ-অভ্যুত্থানের দেড় বছর এবং নির্বাচনের আট মাস অতিবাহিত হওয়ার পরও দেশে স্থিতিশীলতা না আসা সরকারের ব্যর্থতা বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে যে সহিংসতা করেছে তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সর্বত্র এই বার্তা গিয়েছে যে, পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক, তারা দেশ অস্থিতিশীল করতে পারে। এটা বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে, কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। গণ-অভ্যুত্থানের পর দেড় বছর আর নির্বাচনের পর আট মাস চলে গেলেও দেশ এখনো স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা।”
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে সরকার শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে। তাঁর মতে, এই পদক্ষেপটি ক্ষমতাসীন হওয়ার পরপরই নেওয়া প্রয়োজন ছিল। তিনি সতর্ক করে বলেন, “এখন এই ধরনের নজরদারি আইনশৃংখলা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে। বাইরে থেকে যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে।”
পাশাপাশি, পতিত ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া দ্রুত করার এবং বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের দ্রুত আটক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ এবং কে এম শরীয়াতুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।