রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিতে শেষ ইনিংসে খুলনার দরকার ছিল ২০১ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রংপুরের বিপক্ষে লক্ষ্যটা ৪০.১ ওভারেই ১ উইকেট হারিয়ে ছুঁয়ে রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ জিতে নিয়েছে খুলনা। ৭ ম্যাচের ৪টিতেই জেতা খুলনা ২৮তম জাতীয় লিগ শেষ করল ৩৯ পয়েন্ট নিয়ে। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট।

জাতীয় লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা এককভাবে খুলনারই ছিল একসময়। ২০১৯–২০ মৌসুমে তারা সপ্তমবার চ্যাম্পিয়ন হয়ে ছয়বারের চ্যাম্পিয়ন রাজশাহীর রেকর্ড ভাঙে। পরে দুবার চ্যাম্পিয়ন হয়ে খুলনাকে ছুঁয়ে ফেলে ঢাকা বিভাগ। এবার আবার এগিয়ে গেল খুলনা।

খুলনার প্রতিপক্ষ রংপুর আজ দিন শুরু করে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে। দিনের দ্বিতীয় বলেই মিম মোসাদ্দেককে আজিজুল হাকিমের ক্যাচ বানিয়ে রংপুরকে আর এগোতে দেননি সফর আলী। খুলনার পেসারের এটি ছিল ইনিংসের পঞ্চম উইকেট।

রান তাড়ায় যেন তর সইছিল না খুলনার। ওপেনার এনামুল হক বিজয় চড়াও হয়ে খেলতে শুরু করেন। ৩৮ বলে ফিফটি পাওয়া এনামুল আজিজুল হাকিমকে নিয়ে উদ্বোধনী জুটি যোগ করেন ১২৩ রান, যেখানে ৮১ রানই ছিল তাঁর। ৬৮ বলে ৮১ রান করা এনামুলের বিদায়ের পর কালাম সিদ্দিকিকে নিয়ে বাকি কাজটা শেষ করেন আজিজুল। আজিজুল ৭৮ ও কালাম ৩৬ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীতে ঢাকাকে ১৪৩ রানে হারিয়ে তৃতীয় হয়েছে চট্টগ্রাম। আজ শেষ দিনে ৯ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দলটি। তাতে ২৮২ রানের লক্ষ্য পায় ঢাকা। ঢাকা অলআউট ১৩৮ রানে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৭১ রানে নিয়েছেন ৬ উইকেট। ৫২ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে মুরাদ ১৫তম বার ইনিংসে ৫ বা এর বেশি উইকেট পেলেন।

সিলেট একাডেমি মাঠে শেষ দিনে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের ওপেনার খালিদ হাসান (১০৩)। দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানে অলআউট হয়ে ময়মনসিংহ। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজশাহী ২ উইকেটে ৮৪ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।