জনগণের ম্যান্ডেটে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের ষড়যন্ত্র কঠোরভাবে রুখে দেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের এক পর্যায়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “একটি নির্দিষ্ট জায়গায় বসে বাংলাদেশের এই গণতান্ত্রিক সরকারকে অস্থির করে তোলার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধেই আজকে সমমনা জোটের এই প্রতিবাদ সভা। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, দীর্ঘ ১৬ বছর ধরে আমরা সব মামলা-হামলা, অত্যাচার ও খুন সহ্য করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল ব্যবস্থা কায়েম করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে ‘বাংলাদেশে আসি, আসব, আসার সম্ভাবনা আছে, আমি চলে আসব- এসব মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে কিছু উশৃঙ্খল লোককে লেলিয়ে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।”
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রাম করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছেন, তাদের আবারও রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। দুয়েকটি পটকা ফুটিয়ে কিংবা দুয়েকটি অদৃশ্য শক্তির ইন্ধনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু করলে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি।”
তিনি আরও উল্লেখ করেন যে, গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমুন্নত রাখতে গত ১৬ বছর যেভাবে সংগ্রাম করা হয়েছে, প্রয়োজনে আবারও সেই পথ অবলম্বন করা হবে। তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ১৬ বছর যেভাবে সংগ্রাম করেছি, প্রয়োজনে আবারও রাস্তায় থাকব এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, “বহু আলোচিত নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং সরকারের ৯ মাসে পদার্পণ করে দেশকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন এবং কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার প্রাণপণ চেষ্টা করছেন- তাদের আমরা সাধুবাদ জানাই। আপনারা যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা আপনাদের সাথে আছি এবং থাকব।”
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার কোনো গুণ্ডামি বা নির্বাচনের কেন্দ্র দখলের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার নয়।