রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে রাজপথে নেমেছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বেলা একটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান ছিল। পুরো কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক এবং রাকসুর সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
প্রশাসনের উদাসীনতার কারণেই তাঁরা এই কর্মসূচিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন সালাহউদ্দিন আম্মার। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘রাকসু শেষ হয়েছে এক মাস হলো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক তৎপরতা দেখা যায়নি। দায়িত্বে থাকাকালীন আমরা বারবার এ বিষয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করেছি। কিন্তু প্রশাসন নানাভাবে এড়িয়ে গেছে।’
আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন দাবি ও স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফুল ইসলাম জানিয়েছেন, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, একই দাবিতে গত ১ নভেম্বর তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং পরবর্তীতে ১২ নভেম্বর চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
এদিকে বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। শিক্ষার্থীদের সাথে আলাপকালে প্রক্টর বলেন, ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) একটি মিটিংয়ে আছেন। তাঁর বার্তা আমি পৌঁছে দিচ্ছি। তোমরা উপাচার্যের কনফারেন্স কক্ষে গিয়ে বসো। সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা যাবে।’
প্রক্টরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সালাহউদ্দিন আম্মার স্পষ্ট জানান, ‘এ বিষয়ে আলোচনার জন্য উপাচার্য মহোদয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনো সময় দেননি। আমরা উপাচার্যের কনফারেন্স কক্ষে গিয়ে বসব না। যা আলোচনা হবে, এখানে মিডিয়ার (গণমাধ্যমের) সামনে হবে। আমরা শান্তিপূর্ণভাবে এখানেই অবস্থান কর্মসূচি পালন করব।’