বিশ্ববিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট আবারও এক বিশাল অংকের অর্থ দান করার ঘোষণা দিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৫৪৭ কোটি ডলার মূল্যের শেয়ার চারটি দাতব্য সংস্থায় দান করবেন তিনি। বিশেষ বিষয় হলো, এই সংস্থাগুলোর নেতৃত্বে রয়েছেন তাঁর তিন সন্তান।
গত সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাফেট এই ঘোষণা প্রদান করেন। একই সঙ্গে তিনি ব্যক্ত করেন যে, দীর্ঘ ৬০ বছর ধরে গড়ে তোলা তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য বার্কশায়ার হ্যাথাওয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থা আগের মতোই অটুট রয়েছে।
৯৬ বছর বয়সী বাফেট বার্কশায়ারের শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে দেওয়া বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন বার্তায় জানান, তিনি মোট ৯ কোটি ২২ লাখ ৫০ হাজারটি ক্লাস বি শেয়ার দান করছেন। যে চারটি সংস্থাকে এই দান দেওয়া হবে সেগুলো হলো— সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন এবং নোভো ফাউন্ডেশন।
এই নতুন দানের ফলে তাঁর সন্তানদের নেতৃত্বাধীন দাতব্য সংস্থাগুলোতে বার্কশায়ারের মোট দানের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ারে পৌঁছে যাবে। বাফেটের তিন সন্তান সুসি, হাওয়ার্ড ও পিটারের বর্তমান বয়স যথাক্রমে ৭৩, ৭১ এবং ৬৮ বছর। তবে এই বিশাল দান সত্ত্বেও বার্কশায়ারের প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিকানা এখনো বাফেটের হাতেই রয়েছে।
কেবল পরিবারের দাতব্য সংস্থায় নয়, এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে উদারতা দেখিয়েছেন বাফেট। ২০০৬ সাল থেকে বিল গেটস ফাউন্ডেশনে তিনি ৪ হাজার ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার দান করেছিলেন। তবে গত বছর তিনি এই দান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। যৌন অপরাধী ও প্রয়াত অর্থলগ্নিকারী জেফরি এপস্টিনের সঙ্গে বিল গেটসের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর বাফেট এই পদক্ষেপ নেন। যদিও গেটস একাধিকবার এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে অনুশোচনা প্রকাশ করেছেন।
সন্তানদের ওপর আস্থা
বর্তমানে বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ারেন বাফেট। সাধারণত কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা শীর্ষ পরিচালকদের দীর্ঘদিনের অবদান ও প্রভাবের স্বীকৃতিস্বরূপ অবসর গ্রহণের পর এই সম্মানসূচক পদ প্রদান করা হয়।
২০২৫ সালের শেষ দিকে প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে দেন বাফেট। এর আগে গত সেপ্টেম্বরে তিনি চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান। তাঁর স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেন গ্রেগ অ্যাবেল। পাশাপাশি বার্কশায়ারের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান হাওয়ার্ড বাফেট।
সর্বশেষ এই দানের আগে ফোর্বসের হিসাব অনুযায়ী, ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ হাজার ৮৪০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি সপ্তম অবস্থানে ছিলেন।
বিনিয়োগ জগতের অন্যতম সফল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বাফেট শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করে বলেছেন, বার্কশায়ারের ভবিষ্যৎ নিয়ে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী। তাঁর মতে, প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেল তাঁর প্রত্যাশার চেয়েও ভালো কাজ করছেন।
গতকালের বার্তায় বাফেট লিখেছেন, ‘এই আস্থা আগের মতোই অটুট।’
এর আগে গত জুলাইয়ে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটসের সঙ্গে এপস্টিনের সম্পর্ককে ‘অরুচিকর’ বলে অভিহিত করেছিলেন বাফেট। তবে সন্তানদের বয়স বৃদ্ধি এবং তাঁদের বাবার সম্পদ দাতব্য কাজে ব্যবহারের প্রস্তুতির কথা বিবেচনা করে তিনি পারিবারিক দাতব্য সংস্থাগুলোর প্রতি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০৩৪ সালের মধ্যে তাঁর অঙ্গীকার অনুযায়ী সব শেয়ার দান করে দিতে চান তিনি।
গতকালের বার্তায় তিনি আরও বলেন, ‘আমার সন্তানেরা কয়েক দশক ধরে বিভিন্ন কল্যাণকর কাজে অনুদান দিয়ে আসছে। তাদের সক্ষমতা ও বিশ্বস্ততার ওপর আমার শতভাগ আস্থা আছে। তাঁরা বিচার-বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নিচ্ছেন’।
ভালো কাজের সুফল
বার্কশায়ার হ্যাথাওয়ের মালিকানায় রয়েছে কয়েক ডজন বৈচিত্র্যময় ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গাড়ির বিমা প্রতিষ্ঠান জিকো, রেলপথ পরিচালনাকারী বিএনএসএফ এবং জ্বালানি, শিল্প ও খুচরা বিক্রয় খাতের বিভিন্ন ব্যবসা।
এছাড়া গত সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন কোম্পানির ৩৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার ছিল। এই বিনিয়োগের তালিকায় রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল এবং কোকা-কোলা।
চলতি মাসে বার্কশায়ারের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গ্রেগ অ্যাবেল প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ১৮ শতাংশ। এই সময়ে বার্কশায়ারের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি ডলার।
নিজের বার্তায় বার্কশায়ারের সাবেক ভাইস চেয়ারম্যান চার্লি মাঙ্গারের কথাও স্মরণ করেন বাফেট। ২০২৩ সালে প্রয়াত মাঙ্গার গত বছরের বার্তায় বলেছিলেন, মানুষের প্রতি সদয় হওয়ার আর্থিক প্রাপ্তি নেই, কিন্তু এর মূল্য অপরিসীম।
বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট তাঁর মোট সম্পদের ৯৯ ভাগ দান করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ সময় ধরে তিনি ধারাবাহিকভাবে এই দান করে আসছেন। এমনকি মৃত্যুর পর তাঁর সম্পদের ব্যবস্থাপনা ও বণ্টন বিষয়েও তিনি স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন।