ফিফা আন্তর্জাতিক বিরতির সময় গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের ৩–২ গোলে হারের ধাক্কা এখনো কাটিয়ে ওঠেনি ফুটবল ভক্তরা। তবে মাঠের লড়াইয়ের চেয়েও এখন বেশি আলোচনা হচ্ছে ব্রাজিলের ফুটবল অঙ্গনের মাঠের বাইরের এক ঘটনা নিয়ে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনজন ব্যক্তি—নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র এবং ভার্জিনিয়া ফনসেকা।

প্রথম দুই তারকা ফুটবল বিশ্বে সুপরিচিত। তবে তৃতীয় ব্যক্তি ভার্জিনিয়া ফনসেকা হলেন ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের সঙ্গে গত মাসে সম্পর্কচ্ছেদ হয়েছে এই ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীর। সম্প্রতি ভার্জিনিয়াকে নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে, যার সাথে জড়িয়ে গেছেন ভিনির জাতীয় দল সতীর্থ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার।

ব্রাজিলের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা দেশটির সংবাদমাধ্যম ‘মেট্রোপলিস’–এ প্রকাশিত একটি কলামে দাবি করেছেন যে, সান্তোস ফরোয়ার্ড নেইমার ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছেন। দাবি করা হয়েছে, ৬ নভেম্বর সাও পাওলো ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে আয়োজিত একটি পার্টিতে নেইমার এবং ভার্জিনিয়া ফনসেকাকে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। অলিভেইরার মতে, একটি পোকার ক্লাবে আয়োজিত ওই ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে ছিলেন। উল্লেখ্য, আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত সেই অনুষ্ঠানে মুঠোফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

‘মেট্রোপলিস’ তাদের সূত্রে আরও জানিয়েছে, উপস্থিত অতিথিদের সামনে নিজেদের ঘনিষ্ঠতা গোপন করার কোনো চেষ্টা করেননি নেইমার ও ভার্জিনিয়া। এমনকি এক পর্যায়ে সোফায় বসে থাকা নেইমারের খুব কাছাকাছি এসে নাচতে দেখা গেছে এই ইনফ্লুয়েন্সারকে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে দুজনেই মদ্যপান করেছিলেন। এমনকি নেইমার মাইক্রোফোন হাতে নিয়ে মজা করে ওই ইনফ্লুয়েন্সারকে ‘ভিভিবোরা’ বলে সম্বোধন করেন। সোনালি চুলের এই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও ভক্তদের মাঝে এটি একটি পরিচিত ডাকনাম।

তবে নেইমার বর্তমানে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। ব্রুনা বর্তমানে এই ফুটবল তারকার তৃতীয় কন্যাসন্তান মারিয়াহর মা হতে চলেছেন। উল্লেখ্য, ভার্জিনিয়া ফনসেকা ও ব্রুনা বিয়ানকার্দির মধ্যকার সম্পর্ক আগে থেকেই নানা বিতর্ক ও প্রকাশ্য মতবিরোধের কারণে চর্চিত।

ব্রাজিলিয়ান মডেল ব্রুনা বিয়ানকার্দি দীর্ঘ সময় ধরে নেইমারের প্রেমিকা ছিলেন। ব্রাজিলিয়ান ঐতিহ্য অনুযায়ী তাঁরা আনুষ্ঠানিক বিয়ে না করলেও ব্রুনার দাবি, ‘কাগজে–কলমে’ আইনগতভাবে তাঁরা বিবাহিত। বর্তমানে ব্রুনার কোলে তৃতীয় কন্যার মুখ দেখার অপেক্ষায় দিন গুনছেন নেইমার।

ভার্জিনিয়া ফনসেকা ও ব্রুনা বিয়ানকার্দির মধ্যকার তিক্ত সম্পর্কের ইতিহাস পুরনো। এর আগে নেইমার ইনস্টিটিউটের নিলাম সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য রাত দুটোর সময় নেইমারকে ফোন করার কথা ভার্জিনিয়া স্বীকার করলে দুজনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হন ব্রুনা বিয়ানকার্দি এবং তিনি এই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভদ্রতা ও অসদাচরণের অভিযোগ আনেন।

নেইমারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে তা সরাসরি নাকচ করেন তিনি। সর্বশেষ বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি ছেড়ে দেওয়া নেইমার লেখেন, ‘আমি সাধারণত স্টোরিতে এসব বিষয়ে কিছু লিখি না, কিন্তু এবার তাঁরা সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’

অন্যদিকে, পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়ার’র খবর অনুযায়ী, নেইমার ও ভার্জিনিয়ার প্রতিনিধিরা এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নেইমারের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রকাশিত তথ্যটি মিথ্যা এবং প্রকৃত ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই।’ একইভাবে ভার্জিনিয়ার প্রতিনিধিরা এই ‘কথিত সম্পর্কে’র খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে সত্য হিসেবে উপস্থাপনের তীব্র সমালোচনা করেছেন।

প্রতিনিধিদের বিবৃতির কয়েক ঘণ্টা পর নিজেই বিষয়টি পরিষ্কার করেন নেইমার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আরেকজন মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে দাবি করে একটি গল্প ছড়ানো হচ্ছে, আর আমি তা সরাসরি অস্বীকার করছি! আমার দল এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে, তবে বিষয়টির ইতি টানতে আমাকে ব্যক্তিগতভাবেই হস্তক্ষেপ করতে হলো।’

উল্লেখ্য, ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র প্রথমবার বিচ্ছেদের দুই মাস পর গত জুলাইয়ে আবারও সম্পর্কে ফিরেছিলেন। তবে সর্বশেষ বিচ্ছেদের খবর নিশ্চিত করার সময় এই ইনফ্লুয়েন্সারের দল জানিয়েছিল, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।