শুরুতে তিনি ছিলেন খালা, কিন্তু হঠাৎ করেই সম্পর্কের সংজ্ঞা বদলে গেল। শুনলাম, আম্মার ওপর তিনি বেশ রাগ করেছেন। কারণটা ছিল বেশ অদ্ভুত; তিনি চান না যে আমি তাকে 'খালা' বলে ডাকি। যদিও আমাদের বয়সের ব্যবধান অনেক, তবে দেখতে প্রায় সমবয়সী মনে হয়। সম্ভবত এই কারণেই তিনি চেয়েছিলেন আমি তাকে 'আপা' বলে সম্বোধন করি। আর পরদিন থেকেই তিনি হয়ে গেলেন আমার নাছিমা আপা।
নাছিমা আপা আমাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে সাহায্য করেন। তার কাজের একটি নির্দিষ্ট শিডিউল রয়েছে, যা তিনি নিজেই নির্ধারণ করেছেন। তিনি একদিন পর পর আসেন। তার পরিকল্পনা অনুযায়ী, একদিন তিনি কাপড় ধুয়ে দেন, আর অন্যদিন ঘর মুছেন। তবে কাপড় ধোয়ার পর সেগুলো মেলানোর সময় পান না তিনি, কারণ তার কাজের চাপ অনেক বেশি।
মাঝে মাঝে কাপড় ভেজানোর পরিমাণ একটু বেশি হয়ে গেলে আমরা বাড়ির সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ি। কারণ আপা এসে কার জামাকাপড় কাচতে নিয়ে আগে এক দফা ঝাড়ি দেন। একবার কাপড় ভেজানোর সময় আমি গুঁড়া সাবানের পরিমাণ সামান্য কম দিয়েছিলাম, আর তা নিয়েই আপার প্রচণ্ড বকুনি খেতে হলো। তিনি সাফ জানিয়ে দিলেন, আমি যেন আর কাপড় ভেজানোর কাজ না করি। এরপর থেকে তার কথা মেনে নিয়ে আমি আর কাপড়চোপড়ার ধারেকাছে যাই না। তবে ঘর মোছার দিন আমি যদি ঘরটি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি, তবে আপা খুশি হন। তার সেই হাসিমুখ দেখলে মনে এক অদ্ভুত প্রশান্তি জাগে।
সেদিন কথা প্রসঙ্গে আপা হঠাৎ জিজ্ঞাসা করলেন, ‘আপনেরা নাল (লাল) চাইল কত কইরা আনেন?’
আমি উত্তর দিলাম, ১৩৫০ টাকা, আপনি কত করে আনেন?
আপা বললেন, “আমি তো বাসমতি খাই, ২৭০০। কোনো দিন আরও কম।”
আমি প্রস্তাব দিলাম, “ওহ! আমাদের সাথে খান আজ?”
কিন্তু আপা রাজি হলেন না। তিনি বললেন, “নাহ, আইজ সময় নাই। কালকে বিয়ার দাওয়াত আছে। আইতে পারমু না। পরশু আমু।”
আমি জানতে চাইলাম, “কিছু গোছায় রাখা লাগবে?”
আপার উত্তর এল, “কাপড় একগাদা ভিজাইলে অসুবিধা হয়, আমার অনেক কাম।”
খানিকটা ভেবে এবং কিছুটা ভয়ে আমি আপাকে অনুরোধ করলাম, আমি তো খাটো মানুষ, আর ফ্যানে অনেক ময়লা জমেছে। যদি একটু ধুলাটা পরিষ্কার করে দিতেন...
আপা সাথে সাথে বলে উঠলেন, “ইয়া মাবুদ, আমি ওইয়া পারুম না।”
আমি আবারও অনুরোধ করলাম, “আপনি মাশা আল্লাহ অনেক লম্বা! প্লিজ, আপা!”
কিন্তু তার উত্তর ছিল চূড়ান্ত, “পারমুই না।”
আমি আর কিছু বললাম না। কিন্তু পরদিন থেকে হঠাৎ আপার আসা বন্ধ হয়ে গেল। প্রেম করলে মানুষ কতটা অস্থির হয় জানি না, তবে আমি খুব অস্থির হয়ে পড়লাম। মনে মনে ভয় হতে লাগল, আপা কি আমার অনুরোধে রাগ করলেন? দুশ্চিন্তায় আমি প্রায় আধমরা হয়ে গেলাম। আপার একটি নিয়ম আছে, তিনি দিনে ফোন বাড়িতে রেখে আসেন এবং রাত ৯টার পর ফোন ধরেন না। তাই তাকে ফোনে পেতে রাতে বাংলায় একটি মেসেজ পাঠিয়ে রাখলাম— “প্রিয় আপা, কেমন আছেন? আশা করি ভালো। আপনি কি সুস্থ আছেন? খুব দুশ্চিন্তায় আছি।”
পরদিন আপা ফিরে এলেন। এসে প্রথমেই বললেন, ‘রাইতে কী পাঠাইছেন? জানেন না, আমি রাতে মেসেজ দেখি না। দেখছি সকালে!’
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “এটা কি আপনার নতুন নিয়ম?”
তিনি উত্তর দিলেন, “হ, সবাই তো জানে, তুমি জানো না?”
আমি মনে মনে ভাবলাম, সর্বনাশ! আপা এখন আমাকে ‘তুমি’ বলে সম্বোধন করছেন। এর মানে নিশ্চয়ই বড় কোনো ঘোষণা আসছে।
আপা বললেন, “হুনো, এই মাসে আমি কামে আইতে পারমু না।”
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “সে কী, কেন?”
আপা ব্যাখ্যা করলেন, “অনেক পরিশ্রম যাইতেছে। মুই সকালে কাম করি এক ব্যাংকের স্যারের বাসায়, হে বছরে ১৫ দিন ছুটি পায়। জিনিসটা মোর পছন্দ হইছে। মুইও এইডা চালু করছি। এই কয়দিন মুই রেস্ট করুম।”
আমি বিরস মুখে এবং ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আপা আবার মুখ খুললেন, “ডিসেম্বর মাসেও মোর এউক্কা পরিকল্পনা আছে।”
তিনি আরও বললেন, ‘বছর শ্যাষে একটু ঘোরাঘুরির চিন্তা করতাছি।’
আমি জানতে চাইলাম, “কিন্তু কয়দিন, আপা?”
আপা বললেন, “অনেশ্চেত! কইতে পারলাম না। মোর এহন যাওন লাগব।”
আমি শেষ চেষ্টা করে বললাম, “আপা, ফ্যানের ধুলাটা যদি একটু…”
আপা দ্রুত উত্তর দিলেন, “হ, ভালো কথা, আমার ফ্যানের ধুলাও পরিষ্কার করা লাগবে, বাসায় এহন বুয়া আসার কথা। মুই গেলাম।”