মাদকের নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের জন্মদাত্রী মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। সন্তানদের এই চরম অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। ওই মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুই ছেলেকে আটক করে এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।
সোমবার (১৬ নভেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বড় ছেলে সাদমান সাকিবকে (২৪) এক বছরের এবং ছোট ছেলে মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত সাকিব ও তাসফি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন এই দুই ভাই। নেশার টাকা জোগাড় করার জন্য তারা প্রায়ই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতেন। সন্তানদের এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবনে ফিরিয়ে নিতে মা ছাবিনা ইয়াসমিন আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য তারা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। টাকা না দিলেই মাকে মারধর করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো তাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়। এক পর্যায়ে সন্তানদের এই অমানুষিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, “জিজ্ঞাসাবাদে ওই দুই ভাই মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”