ঋণ নেওয়ার পরিমাণের চেয়ে সেই অর্থ কতটা উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে, সেটিই অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জোর দিয়ে বলেন, দেশের ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জাতীয় মালিকানা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আজ সোমবার কক্সবাজারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। এই সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহ দেশি-বিদেশি নীতিনির্ধারক এবং বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আসল ও সুদ মিলিয়ে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার (৪৪৯ কোটি ডলার) বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ঋণের গ্রেস পিরিয়ড বা বিশেষ অবকাশকাল শেষ হয়ে আসায় ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে (৫৫০ কোটি ডলার) পৌঁছাতে পারে। পরিস্থিতিভেদে এই অঙ্ক ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে (৭৬০ কোটি ডলার) পর্যন্ত উঠতে পারে বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “ঋণ পরিশোধের তাৎক্ষণিক চাপ বাস্তব। তবে একে বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা ও দায়বদ্ধতার অঙ্গীকার থেকে বিচ্ছিন্ন করে দেখা উচিত নয়। অতীতে নেওয়া ঋণের মেয়াদপূর্তির কারণেই এখন পরিশোধের চাপ বাড়ছে। দায়িত্বশীলতার সঙ্গে এই সময় মোকাবিলা করতে হবে।”

ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধিতে রাজস্ব আদায়ের প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। রাশেদ আল মাহমুদ তিতুমীর মনে করেন, আগামী পাঁচ বছরে জিডিপির তুলনায় রাজস্ব আয় মাত্র ২ শতাংশ বাড়ানো গেলেও ঋণ পরিশোধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া ঋণের মেয়াদ বৃদ্ধি এবং পুনঃঅর্থায়নের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মতো অর্থায়ন মাধ্যম ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা এবং দেশটিকে উৎপাদন ও রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে অর্থায়ন কৌশলকে অর্থনৈতিক বৈচিত্র্য, রপ্তানি সক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীলতার সঙ্গে সমন্বিত করতে হবে।

সরকারের পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কৌশলের কথা উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “সরকারের পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কৌশলের ভিত্তি হলো ‘থ্রি-আর’—পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠন। এর মাধ্যমে অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা, বিনিয়োগ বাড়ানো এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি তার বক্তব্যে বলেন, ঋণনীতি কেবল কোনো প্রতিবেদনের সংখ্যা নয়, বরং এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। দেশে ডলারের সংকট তৈরি হলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

উদাহরণস্বরূপ তিনি বলেন, চট্টগ্রামের একজন সাধারণ দোকানদারের জ্বালানি খরচ বেড়ে যাওয়া, বন্দরে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী আটকে থাকা কিংবা নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনো কারখানার কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার পেছনেও ঋণ ও অর্থায়ন ব্যবস্থাপনার প্রভাব থাকে।

তানভীর গনি বলেন, “আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাঠামো আমাদের বলে দেয় যে ঋণটি টেকসই কি না। কিন্তু ঋণটি নেওয়া আদৌ যৌক্তিক ছিল কি না, তা তারা বলে না। সেই বিচার করার দায়িত্ব আমাদের এবং তা ব্যাখ্যা করার দায়িত্বও আমাদেরই।”

তিনি আরও বলেন, দরজা কেবল সেই দেশের জন্যই খোলা হয়, যে দেশকে সবাই স্পষ্টভাবে বুঝতে পারে। অর্থাৎ দেশের জনগণ, দেশ পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে সব বিষয় সহজবোধ্য হতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তানভীর গনি বলেন, “আমি ঋণদাতার পক্ষে কাজ করেছি। যখন আমরা কোনো দেশকে বুঝতে পারতাম না, তখন আমরা সরাসরি “না” বলতাম না। তবে আমরা সুদের হার বাড়িয়ে দিতাম অথবা কম সময়ের জন্য ঋণ দিতাম। নিজেকে বোঝাতে না পারার সব সময়ই একটি মূল্য আছে এবং কাউকে না কাউকে সেই মূল্য চুকাতেই হয়।”

বৈশ্বিক ঋণদাতা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে স্পষ্ট যোগাযোগ ও বার্তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন তিনি। তানভীর গনি দুটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেন: প্রথমত, দেশের নিজস্ব ঋণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা এবং দ্বিতীয়ত, বৈশ্বিক মূলধনের নতুন নতুন উৎসের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপন করা।

সরকারি ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দুটি বিশেষ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে, যার মাধ্যমে বিভিন্ন দপ্তরের তথ্য ও পরিসংখ্যানে সামঞ্জস্য আনা হবে। এছাড়া প্রতি তিন মাস অন্তর জনসাধারণের জন্য একটি উন্মুক্ত প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে ঋণ ব্যবস্থাপনায় সরকারের কাজের অগ্রগতি এবং যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে, তার বিস্তারিত চিত্র তুলে ধরা হবে।