তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে প্রকল্প অনুমোদনের অভিযোগ তুলেছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে তিনি জানতে চান, দেশের স্বার্থ রক্ষায় এই বিতর্কিত প্রকল্প বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কি না।
আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের মাধ্যমে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এই বিষয়ে জানতে চান আখতার হোসেন। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জবাবে জানান, বিষয়টি নিয়ে যদি যথাযথ নোটিশ দেওয়া হয়, তবে তার সঠিক জবাব দেওয়া হবে।
গত বৃহস্পতিবার এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন সম্পূরক প্রশ্নে বলেন, ‘যেই কোম্পানিটিকে অনুমোদন করা হলো, সেই চায়না সিএনইই কোম্পানি, তারা দৈনিক ক্যাপাসিটি চার্জের কথা বলছে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। আর এখন আমাদের যে দুইটা টার্মিনাল আছে, তার একটাতে চার্জ ২ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার, একটাতে ২ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।’
আখতার হোসেন আরও বলেন, ‘এখন যে দুইটা টার্মিনাল আমাদের আছে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই দুইটা টার্মিনালের যে জাহাজগুলো আছে, যা কিছু আছে, সেগুলো বাংলাদেশের মালিকানায় চলে আসবে। কিন্তু যে তৃতীয় টার্মিনালটি চায়নার সিএনই কোম্পানিকে অতিরিক্ত মূল্যে দেওয়া হচ্ছে, সেই কোম্পানিটি ১৫ বছর চলে যাওয়ার পরে সেটা বাংলাদেশের মালিকানায় ফিরে আসবে না।’
সংসদ সদস্যের অভিযোগ, চীনা কোম্পানিটি যে প্রস্তাব জমা দিয়েছে, কয়েক মাস আগে একজন সংসদ সদস্যের মালিকানাধীন একটি কোম্পানির পক্ষ থেকেও ঠিক একই ভাষায় প্রস্তাব দেওয়া হয়েছিল।
আখতার হোসেন জানান, এক মাস আগে যখন ক্রয়সংক্রান্ত কমিটিতে এই প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল, তখন তা বাতিল করা হয়। তবে প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকাকালীন সময়ে নতুন করে ক্রয়সংক্রান্ত কমিটিতে এটি পাস করা হয়েছে বলে তিনি দাবি করেন।
নতুন এই টার্মিনাল নির্মাণে প্রায় ৩৫ শতাংশ বেশি খরচ করা হচ্ছে বলে দাবি করে আখতার হোসেন বলেন, এর ফলে দেশের অর্থের অপচয় হচ্ছে এবং ক্ষেত্রবিশেষে তা লোপাট হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তিনি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও অর্থমন্ত্রীর কাছে জানতে চান, অতিরিক্ত খরচে সিএনইই-কে দেওয়া এই প্রকল্প বাতিল করে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না।
উল্লেখ্য, সংসদে তারকাচিহ্নিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যরা মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান। এই ক্ষেত্রে মূল প্রশ্নটি ছিল করসংক্রান্ত বিষয়ের ওপর।
আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। তাই সংসদ সদস্য যদি এই বিষয়ে নোটিশ দেন, তবেই সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে।