সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করার আগে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। "সম্মানিত এলাকাবাসী, মনে রাখবেন ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বা ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগে না"—এমন স্লোগানের মাধ্যমে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে যেন তারা কোনো প্রতারণার শিকার না হন।

সাধারণ মানুষকে সচেতন করতে এবং কার্ডের বিষয়ে কাউকে কোনো প্রকার অর্থ না দিতে রোববার (১৫ নভেম্বর) দিনভর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।

জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের তথ্য প্রদান বা কার্ড পাওয়ার জন্য কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি তথ্য সংগ্রহের সময় নাগরিকরা কী কী তথ্য সরবরাহ করবেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হচ্ছে। এ সময় তথ্য সংগ্রহকারীকে পরিবারের সকল সদস্যের জন্মসনদ এবং আর্থিক লেনদেনের মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, “ফ্যামিলি কার্ডের বিষয়ে আজ আমার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে, যা সবার জন্যই ভালো। এতে ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বা পেতে কাউকে টাকা না দেওয়ার বিষয়টি প্রচার করা হয়েছে। এখন কেউ ইচ্ছে করলেই আর টাকা-পয়সা চাইতে পারবে না।”

বিশ্বম্ভরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূর উদ্দিন মাহমুদ জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও স্থানীয়দের সচেতন করতে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় মাইকিং করা হচ্ছে। তিনি জানান, রবিবার একটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে এবং আগামী আরও দুই দিন অন্যান্য ইউনিয়নে এই প্রচারণা চালানো হবে। এর উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন ফ্যামিলি কার্ডের তথ্য প্রদানে আগে থেকেই অবগত থাকেন এবং কার্ড পেতে বা তথ্য দিতে কোনো টাকা লাগে না সে বিষয়ে সচেতন হন।

তিনি আরও জানান, এই উপজেলায় গত ১৪ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের জন্য খানা জরিপ শুরু হয়েছে। বর্তমানে উপজেলায় ৬১ জন তথ্য সংগ্রহকারী ও ৮ জন সুপারভাইজারসহ মোট ৬৮ জন কর্মী এই কাজে নিয়োজিত আছেন। চলতি মাসের ৪ তারিখ থেকে সমগ্র উপজেলাজুড়ে পুরোদমে কাজ চলছে। তিনি উল্লেখ করেন যে, উপজেলায় ৪৫ হাজার থেকে ৫০ হাজার খানা জরিপ হতে পারে, যার মধ্যে ইতিমধ্যে ৭ হাজার খানা জরিপের কাজ সম্পন্ন হয়েছে।