আমরা যখন মুঠোফোন ব্যবহার করে কাউকে বার্তা পাঠাই, কোনো ওয়েবসাইটে প্রবেশ করি কিংবা অনলাইনে ভিডিও দেখি, তখন মুহূর্তের মধ্যেই সেই তথ্য পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যায়। কিন্তু এই বিপুল পরিমাণ তথ্য কীভাবে এত দ্রুত এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়? এর রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রের তলদেশে বিছানো হাজার হাজার মাইল দীর্ঘ তার বা ক্যাবলের এক বিশাল নেটওয়ার্কের মধ্যে। মানুষের চুলের মতো অত্যন্ত সরু এসব ক্যাবলের মধ্য দিয়েই আলোর গতির কাছাকাছি বেগে ছুটে চলে ইন্টারনেটের যাবতীয় তথ্য।

বিশ্বের বিভিন্ন মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করতে সমুদ্রের তলদেশে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার মাইল দীর্ঘ কেবল স্থাপন করা হয়েছে। অনেকটা মহাসড়কের মতো এই পরিকাঠামো বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের কাজ সম্পন্ন করে থাকে।

তবে সমুদ্রের তলদেশে এই ক্যাবল স্থাপনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। প্রথমে অত্যন্ত সতর্কতার সাথে ক্যাবলগুলো তৈরি করা হয়। এরপর ৪৫৬ ফুট দীর্ঘ ‘ডিউরেবল’ নামের একটি বিশেষ জাহাজের মাধ্যমে সেগুলো সমুদ্রে নিয়ে যাওয়া হয়। প্রতিটি ক্যাবলের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় অত্যন্ত সরু কাচের তন্তু। ফাইবার অপটিক প্রযুক্তির মাধ্যমে এই তন্তুর ভেতর দিয়ে লেজারের সাহায্যে আলোকসংকেত পাঠানো হয়। এর ফলেই আলোর গতির কাছাকাছি বেগে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পৌঁছে যায়। সমুদ্রের তলদেশ পেরিয়ে এই ক্যাবল যখন স্থলভাগে পৌঁছায়, তখন সেটিকে বিদ্যমান ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। এরপর সেই নেটওয়ার্কের মাধ্যমেই তথ্যগুলো ব্যবহারকারীর মুঠোফোন, কম্পিউটার কিংবা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রে পৌঁছে যায়। এভাবেই আমরা মুহূর্তের মধ্যে ই-মেইল পড়া কিংবা ওয়েবসাইট ব্যবহারের সুযোগ পাই।

ক্যাবল স্থাপনের জন্য সমুদ্রের তলদেশে নিরাপদ পথ নির্ধারণ করাও একটি চ্যালেঞ্জিং কাজ। সম্ভাব্য ঝুঁকিগুলো এড়িয়ে উপযুক্ত পথ খুঁজে বের করতে প্রায় এক বছর ধরে পরিকল্পনা করতে হয়। কারণ, সমুদ্রের প্রবল স্রোত, পাথরধস, ভূমিকম্প কিংবা মাছ ধরার ট্রলারের নোঙরের আঘাতে এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব ঝুঁকি বিবেচনায় রেখেই ক্যাবলের সঠিক পথ নির্ধারণ করা হয়। সাধারণত প্রতিটি ক্যাবল ২৫ বছর পর্যন্ত কার্যকর রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়। সূত্র: নিউইয়র্ক টাইমস।