নোশিন আনজুমের টানা তিনবারের আধিপত্যের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার চ্যাম্পিয়ন হয়েছেন ১৮ বছর বয়সী তরুণী ওয়াদিফা আহমেদ। শনিবার ৪৪তম জাতীয় মহিলা দাবার শিরোপা জয়ের পর নিজের এই অভাবনীয় সাফল্যের রহস্য সম্পর্কে মুক্তকণ্ঠকে তিনি বলেন, ‘আমি উচ্চাভিলাষী। জয়ের জন্য খেলি। এটাই আমাকে সামনে এগিয়ে দিয়েছে।’

ছোটবেলায় ইতালি থেকে বাংলাদেশে আসা ওয়াদিফার দাবায় হাতেখড়ি হয় বড় বোন ওয়ালিজা আহমেদের মাধ্যমে। উল্লেখ্য, ওয়ালিজা এবারের জাতীয় মহিলা দাবায় আরও চারজন প্রতিযোগীর সঙ্গে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানের প্লেঅফ খেলছেন, যার সমাপ্তি ঘটবে আজ।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ওয়াদিফা গত চার-পাঁচ বছর ধরে নিয়মিত জাতীয় দাবার আসরগুলোতে অংশ নিচ্ছেন। গত তিনটি আসরেই তিনি সেরা পাঁচজনের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে তিনি আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব অর্জন করেন, যা বাংলাদেশের চতুর্থ নারী হিসেবে অর্জন করা তাঁর জন্য এক অনন্য সাফল্য। এর আগে ১৯৮৫ সালে রানী হামিদ, ২০১১ সালে শামীমা আক্তার লিজা এবং ২০১৯ সালে শারমিন সুলতানা শিরিন এই খেতাব পেয়েছিলেন।

এবারের জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ওয়াদিফা বলেন, ‘মহিলা দাবায় আগে ১১ রাউন্ড হতো। ১৪ জনকে নিয়ে এই প্রথম ১৩ রাউন্ড হওয়ায় আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। খেলার মান কমে গিয়েছিল।’ বর্তমান প্রজন্মের সাথে আগের প্রজন্মের তুলনা করে তিনি আরও বলেন, ‘লিজা আপুরা যখন খেলতেন, তখন খেলার মান আরও উন্নত ছিল। এখন আমাদের রেটিংও কমে গেছে। তবে আমরা চেষ্টা করছি মানটা আরও উন্নত করতে।’

প্রতিযোগিতায় নোশিনের রেটিং ছিল সর্বোচ্চ ২০৫১ এবং ওয়াদিফার ছিল ২০৪৪। এক সময় ওয়াদিফার সর্বোচ্চ রেটিং ২১০০ ছাড়িয়ে গেলেও শারীরিক অসুস্থতার কারণে তা ১৯০০-এর ঘরে নেমে আসে, যার প্রভাব পড়েছিল তাঁর খেলার মানের ওপর। তবে ছন্দে ফিরে এবারের জাতীয় মহিলা দাবায় ১৩টি ম্যাচের মধ্যে ৭টিতে জয় এবং ৫টি ম্যাচ ড্র করেন তিনি। আসরের সবচেয়ে কম রেটিংধারী খেলোয়াড়ের কাছে একমাত্র ম্যাচটি হারলেও, এই পারফরম্যান্সের ফলে তাঁর রেটিং প্রায় ২৫ পয়েন্ট বাড়বে। এর ফলে দেশের নারী দাবার রেটিং তালিকায় তিনি শীর্ষস্থানে উঠে যাচ্ছেন।

খেলার কৌশল পরিবর্তনের বিষয়ে ওয়াদিফা জানান, ছোটবেলা থেকেই রুই লোপেজ ওপেনিং তাঁর পছন্দের হলেও এখন তিনি খেলার ধরন বদলে ফেলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে প্রতিপক্ষ সহজেই বুঝতে পারত আমি কী খেলব। এখন অনেক বৈচিত্র্য নিয়ে খেলি। প্রতিপক্ষ ধরতে পারে না।’ তবে এবারের প্রতিযোগিতার একটি দিক তাঁর মনে অতৃপ্তি রেখে গেছে। তিনি বলেন, ‘শেষ রাউন্ডে অনেকে ড্রর জন্য খেলেছে। এটা আমার ভালো লাগেনি। অনেকের মধ্যেই জয়ের আকাঙ্ক্ষা দেখিনি।’

দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দীর্ঘদিনের ওয়াদিফার। এই লক্ষ্য অর্জনের পথ যে অত্যন্ত কঠিন, তা স্বীকার করে তিনি বলেন, ‘আমাকে অনেক টুর্নামেন্ট খেলতে হবে। রেটিং ২৩৫০ হতে হবে। কঠিন হলেও আমি চেষ্টা করে যাব।’

ফাহাদ, মনন ও রেজাদের মতো পুরুষ দাবাড়ুরা নিয়মিত বিদেশে খেলার সুযোগ পেলেও নারী দাবাড়ুরা সেই সুযোগ পাচ্ছেন না বলে আক্ষেপ করেন তিনি। নিজস্ব উদ্যোগে গত বছর দুবাইয়ে খেলেছিলেন ওয়াদিফা, তবে পুনরায় কবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তা অনিশ্চিত। এই কারণে তিনি একজন পৃষ্ঠপোষক খুঁজছেন। এছাড়া জাতীয় মহিলা দাবার প্রথম পাঁচজনের জন্য সরকারের দেওয়া মাসিক এক লাখ টাকা ক্রীড়াভাতা পাওয়ার কথা। সেই ভাতার বিষয়ে ওয়াদিফা বলেন, ‘ক্রীড়া ভাতা তিন মাস পেয়েছি। চার-পাঁচ মাস থেকে বন্ধ। এখন আবার শুনেছি চালু হবে। ওটা পেলে খেলোয়াড়দের সুবিধা হয়।’