বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খালে জেলেদের জালে ১২ ফুট দীর্ঘ একটি অজগর সাপ ধরা পড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির নামের এক ব্যক্তি সাপটিকে উদ্ধার করেন।
ঘটনাটি বর্ণনা করে টাইগার জাকির মুক্তকণ্ঠেকে বলেন, “আজ সকালে টেংরা গ্রামের খালে জেলেদের জালে পেঁচানো একটি অজগর দেখা গেছে। এ খবর শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে পেঁচানো অবস্থায় উদ্ধার করি।”
সাপটি উদ্ধারের পর বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, অজগরটি উদ্ধার করার পর তাৎক্ষণিক ভাবে হরিনঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।