গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে এই বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় করে কাজ করবেন। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানানো হয়েছে।