সেদিন ছিল এক তপ্ত দুপুর। ক্লান্ত শরীরে সিলিন্ডার গ্যাসের খোঁজে আমি হন্যে হয়ে ঘুরছিলাম। ঠিক সেই মুহূর্তে একটি বিজ্ঞাপনের লেখা আমার দৃষ্টি আকর্ষণ করল। লেখাটি খুব মন দিয়ে দুবার পড়ার পর আমি অবাক হয়ে বুঝতে পারলাম, এখানে মাসিক কিস্তির সুবিধায় সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে। দোকানের মালিক অত্যন্ত আয়েশি ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে পান চিবুচ্ছিলেন। আমার দিকে তাকিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসের সাথে বললেন, “কী হে মশাই, সিলিন্ডারের সমস্যা? হাতে টাকা নেই? বাসায় গ্যাস নেই? কোনো সমস্যাই হবে না।
এই আমি চটাং ঝান্ডু আছি তো! সব ঝামেলার সমাধান করাই এখন আমার কাজ।”
আমি কিছুটা নরম স্বরে তাঁর কাছে জানতে চাইলাম, সিলিন্ডারসহ গ্যাস নিতে হলে ঠিক কী কী শর্ত পূরণ করতে হবে। চটাং ঝান্ডু পান চিবুতেই চিবুতেই উত্তর দিলেন, “বেশি কিছু না। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই চলবে। আপনাকেও একটি সিলিন্ডার গ্যাসের কার্ড দেওয়া হবে। এই পরিকল্পনা আমার বহুদিনের। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে সিলিন্ডার গ্যাস নিয়ে যাবেন, ৫ শতাংশ লাভে মাসে চার কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে।”
তিনি আরও সতর্ক করে বললেন, “টাকা পরিশোধে বিলম্ব হলে ক্ষতিপূরণ হিসেবে আরও ২ শতাংশ যোগ হয়ে সর্বসাকল্যে ৭ শতাংশ হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ওই যে বাঁদিকে একটা ব্যানার টাঙানো আছে, সেখানে বিস্তারিত লেখা আছে। আপনি অবশ্যই দেখে নেবেন। গ্যাসের যে আকাল চলছে আরও ৩ শতাংশ কমিশন বাড়িয়ে দেব কি না সেটাই ভাবছি।”
আমি মন্ত্রমুগ্ধের মতো দোকানদারের কথা শুনছিলাম। ঘরে চাল-তরকারি সব মজুদ থাকলেও রান্নার জন্য গ্যাস ছিল না। আমার মনে হলো, এমন দোকানদার পাশে থাকলে আমার জীবন সত্যিই সহজ হয়ে যাবে। কিস্তিতে গ্যাস পাওয়ার কথা ভেবেই আমার চোখ দুটো উত্তেজনায় যেন ছানাবড়া হয়ে গেল।
তৎক্ষণাৎ গিন্নিকে ফোন করে আমি আনন্দের সাথে জানালাম, “গিন্নি আজ কিন্তু আয়েশ করে মাংস-পোলাও খাব। আমি সিলিন্ডার গ্যাস নিয়ে আসছি, তুমি সব প্রস্তুতি সেরে নাও।”
ওদিকে গিন্নিও অত্যন্ত উচ্ছ্বসিত কণ্ঠে উত্তর দিলেন, “আমি একটা বাসমতী চালের কার্ড পেয়েছি। মাসিক কিস্তির সুবিধা আছে, শুধু সপ্তাহে সপ্তাহে টাকা পরিশোধ করতে হবে।”
গ্যাসের সিলিন্ডারটি কাঁধে নিয়ে মনের আনন্দে গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা হলাম আমি। জীবনের অভিজ্ঞতায় কোনো কিছু পাওয়ার পর এত আনন্দ আর কখনো অনুভব করিনি।
এখন আমি ভাবছি, পানি, গ্যাস, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর জন্য ডজনখানেক কার্ড করে নেব। তাহলেই আমার এই একঘেয়ে জীবন কার্ডের ভিড়ে রঙিন হয়ে উঠবে।