বিয়ে এবং সংসার জীবনের চেয়েও ব্যয়বহুল একটি সম্পর্কের কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর দাবি, জীবনের সবচেয়ে খরুচে সম্পর্কের নাম হলো বিরাট কোহলি। তবে এটি কোনো প্রেমের গল্প নয়, বরং এখানে জড়িয়ে আছে বন্ধুত্ব এবং বিলাসী এক নেশা—দামি ঘড়ির প্রতি আসক্তি। ডু প্লেসির মতে, কোহলি হলেন ‘দ্য ওয়াচ গাই’। অর্থাৎ এমন একজন মানুষ, যাঁর সঙ্গে সামান্য সময় কাটালেই ঘড়ির প্রতি ভালোবাসা বেড়ে যেতে বাধ্য। আর এই ভালোবাসার মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে নিজের পকেট থেকে।
ইএসপিএনক্রিকইনফোর একটি অনুষ্ঠানে সতীর্থ ডেল স্টেইনের সঙ্গে আলাপচারিতার সময় ডু প্লেসি বলেন, “বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই। এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!”
এই কথা শুনে ডেল স্টেইন ভিন্ন মত পোষণ করেন। তিনি যুক্তি দেন যে, কোহলি যেহেতু ক্রিকেটের এক মহাতারকা, তাই তিনি উপহার হিসেবেও অনেক দামি ঘড়ি পান। সব ঘড়ি কি আর নিজের টাকায় কেনেন? তবে এই যুক্তিতে রাজি হননি ডু প্লেসি। তাঁর সোজাসাপটা উত্তর ছিল, “না, না, সে নিজেই কেনে!”
এরপরই সামনে আসে কোহলির ঘড়ি সংগ্রহের আসল রহস্য। ডু প্লেসি জানান, বিশ্বের সবচেয়ে উন্নত এবং দুর্লভ ঘড়ির এক বিশাল সংগ্রহ রয়েছে কোহলির কাছে। এমন সব ঘড়ি তাঁর সংগ্রহে আছে যা সাধারণ বাজারে পাওয়া সহজ নয়। সুইজারল্যান্ডের নামী সব ব্র্যান্ড যেমন রোলেক্স, পাতেক ফিলিপ, অদেমার পিগে, কার্তিয়ে এবং পানারাইয়ের ঘড়ি রয়েছে তাঁর তালিকায়। কোহলি যখনই কোথাও ঘুরতে যান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন, ঘড়িপ্রেমীদের মধ্যে শুরু হয়ে যায় ব্যাপক গবেষণা। তাঁর হাতের ঘড়িটি কোন ব্র্যান্ডের, মডেল কী এবং দাম কত—তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। তাঁর ভ্রমণের ছবিগুলো যেন হয়ে ওঠে ঘড়ির প্রদর্শনী।
কোহলির এই ঘড়ির নেশাই শেষ পর্যন্ত ডু প্লেসিকে বিপদে ফেলেছে। একসময় তিনি মনে করতেন, একটি ঘড়ির পেছনে এত বিপুল অর্থ ব্যয় করার কোনো মানে হয় না। কিন্তু কোহলির সঙ্গে ঘনিষ্ঠতা তাঁর সেই ধারণা বদলে দিয়েছে। এখন নিজের সেই সিদ্ধান্তের জন্য আফসোস করেন তিনি। ডু প্লেসির ভাষায়, “একটা সময় আমার মনে হতো, ভাই, একটা ঘড়ির পেছনে এত টাকা খরচ করা যায় নাকি! এরপর আমার জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক তৈরি হলো ওর সঙ্গে। কারণ, ও আমাকে এমন সব ঘড়ি কিনিয়েছে, যেগুলো আমার কোনো দিনই কেনা উচিত হয়নি। কখনোই না, কখনোই না, কখনোই না!”
বন্ধুত্বের এই মাশুল বেশ চড়া ভাবেই দিতে হচ্ছে ডু প্লেসিকে। তবে তাঁদের সম্পর্ক কেবল ঘড়ি কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন এই দুই তারকা। সেই সময়ে কোহলিকে সরিয়েই দলটির অধিনায়কত্বের দায়িত্ব পান ডু প্লেসি। তবে ২০২৫ মৌসুমের আগে বেঙ্গালুরু তাঁকে ছেড়ে দেয়, যার পর তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দেন। ২০২৬ আইপিএলের জন্য অবশ্য নিলামে নাম লেখানোর সিদ্ধান্ত নেননি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।