জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একদল প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দিয়ে সর্বসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এনআইডি সংক্রান্ত যেকোনো ধরনের সেবা পেতে নির্ধারিত দাপ্তরিক কার্যালয়ে যোগাযোগ করতে এবং হটলাইন ১০৫ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা জানানো হয়।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সর্বসাধারণকে সতর্ক করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম- বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ বা টাকা হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে প্রতারকচক্র নিজেদেরকে নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে।”
প্রতারক চক্রের কৌশল সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, “এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা এনআইডি সংক্রান্ত অন্য যে কোনো সেবা প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম- যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতি ব্যবহার করে না। এনআইডি সংক্রান্ত যে কোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”
পাশাপাশি, এনআইডি সংক্রান্ত যেকোনো বিষয়ে সঠিক তথ্য ও সেবা পেতে ১০৫ নম্বর হট লাইনে কল করে কথা বলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।