প্রতিদিন বাড়িতে পুলিশ পাঠানোর অভিযোগ তুলে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের অদ্ভুত পরামর্শ দিয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে তিনি একটি খোলা চিঠি লিখেছেন। তবে এই খোলা চিঠিতে বর্তমান ওসির পরিবর্তে সাবেক ওসির ছবি ব্যবহার করেছেন তিনি। পাশাপাশি পোস্টে থানার ওসির সরকারি মোবাইল ফোন নম্বরটিও উল্লেখ করা হয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনামগঞ্জের মধ্যনগর থানার ওসির উদ্দেশে এই খোলা চিঠিটি প্রকাশ করেন ওই ব্যক্তি।

অভিযুক্ত ব্যক্তির নাম এম এম নাদিমুল হাসান (মাহিন)। তিনি মধ্যনগর উপজেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহিন মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের টেপিরকোনা গ্রামের মো. বিপ্লব মিয়ার সন্তান।

তার লেখা ওই খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘প্রিয় মো. মনিবুর রহমান স্যার, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ। প্রতিদিন আমার খোঁজে বাড়িতে পুলিশ পাঠানোর ফলে রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে। আপনাকে একটি পরামর্শ দিচ্ছি, প্রয়োজনে আমার বাড়িতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করতে পারেন। আমি, এস এম নাদিদুল হাসানকে খুঁজতে আপনার পুলিশকে আর কষ্ট করতে হবে না। ইনশাআল্লাহ, শিগগিরই মধ্যনগরের মাটিতে সকল পাকিস্তানি অপশক্তিকে পরাজিত করা হবে।’

তদন্তে জানা গেছে, খোলা চিঠিতে ওসি হিসেবে যাকে সম্বোধন করা হয়েছে, মো. মনিবুর রহমান বর্তমানে মধ্যনগর থানায় কর্মরত নেই; তিনি বদলি হয়ে থানা ছেড়েছেন। বর্তমানে মধ্যনগর থানার ওসির দায়িত্ব পালন করছেন এ কে এম শাহাব উদ্দিন শাহীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিমুল হাসান সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী। তার ফেসবুক প্রোফাইলে রনজিত সরকারের সঙ্গে একটি ছবি রয়েছে, যেখানে তিনি রনজিত সরকারকে ‘কাকা’ বলে সম্বোধন করেছেন। বর্তমানে তার পরিবার ঢাকা অথবা গাজীপুর এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের পক্ষে একাধিক পোস্ট দেখা গেছে।

এলাকায় উপস্থিত না থাকায় নাদিমুল হাসানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মধ্যনগরের স্থানীয় গণমাধ্যমকর্মী এবং তার গ্রামের কয়েকজন বাসিন্দা নিশ্চিত করেছেন যে, ফেসবুকে ওসির উদ্দেশে প্রকাশিত ওই খোলা চিঠিটি নাদিমুল হাসানেরই লেখা।

এই পুরো বিষয়টি নিয়ে মধ্যনগর থানার বর্তমান ওসি এ কে এম শাহাব উদ্দিন শাহীন বলেন, ‘শুনেছি, নাদিম নামে একটি ছেলে ফেসবুকে আগের ওসির ছবি দিয়ে কিছু লিখেছে। আমার জানা মতে, তার নামে কোনো মামলা নেই। পুলিশও তার বাড়িতে যায়নি। সে বাড়িতে থাকে না, বাড়িতে তার মা-বাবাও কেউ নেই। সম্ভবত আগের ওসি কোনো একসময় সেখানে গিয়েছিলেন। তার বাড়িতে নিয়মিত পুলিশ যাওয়ার দাবি মিথ্যা।’