মাগুরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার মোট ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩১০টিতেই বর্তমানে কোনো নিয়মিত প্রধান শিক্ষক নেই। এই দীর্ঘমেয়াদী শূন্যতার কারণে বছরের পর বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মাধ্যমেই এসব বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এর ফলে একদিকে যেমন বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজ পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে, অন্যদিকে শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই পদগুলো দীর্ঘ সময় ধরে শূন্য থাকায় বিদ্যালয়গুলোর সামগ্রিক শিক্ষা পরিবেশ এবং শিক্ষার মান নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার চারটি উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি শূন্য পদের সমস্যা দেখা দিয়েছে। সেখানে ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৯টিতেই প্রধান শিক্ষক নেই। এছাড়া শ্রীপুর উপজেলার ৮৪টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে, মহম্মদপুর উপজেলার ১৩৮টির মধ্যে ৭৯টিতে এবং শালিখা উপজেলার ১০২টি বিদ্যালয়ের মধ্যে ৫৩টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বর্তমানে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কোনোমতে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।
সহকারী শিক্ষকদের মতে, একজন প্রধান শিক্ষক প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বিপুলসংখ্যক বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় এসব দায়িত্ব অনেক সময় অতিরিক্ত চাপের মধ্যে সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষকদের। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কতটা সুচারুভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে অভিভাবকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিভাবকদের অভিযোগ, তারা সন্তানদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে বিদ্যালয়ে পাঠান। কিন্তু দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয়ে যথাযথ তদারকি ও ব্যবস্থাপনার ঘাটতি তৈরি হচ্ছে।
মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজের চাপ অনেক বেশি। এসব কাজ সামলাতে গিয়ে অনেক সময় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।”
মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলফাজ উদ্দীনের মতে, একটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান বজায় রাখতে দক্ষ ও নিয়মিত প্রধান শিক্ষক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে এ পদ শূন্য থাকলে বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো দুর্বল হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
এই সংকট প্রসঙ্গে মাগুরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) আমিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “চলতি দায়িত্বে থাকা শিক্ষকরা মূলত পদোন্নতির প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান শিক্ষক সংকট অনেকটাই কেটে যাবে। হাইকোর্টে মামলা চলমান থাকার কারণে পদোন্নতি প্রক্রিয়া কিছুকাল বন্ধ ছিল। তবে আশা করা যাচ্ছে, আগামী দুই মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে।”