জামালপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এক অজ্ঞাতপরিচয় তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তরুণের বয়স আনুমানিক ১৮ বছর। তিনি গত পাঁচ-ছয় মাস ধরে এই স্টেশন এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছিলেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে প্ল্যাটফর্মের মাঝামাঝি একটি স্থানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

রেলওয়ে থানা পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই তরুণ দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না। জীবনধারণের জন্য তিনি স্থানীয় মানুষের কাছে সাহায্য চাইতেন এবং ভিক্ষা করে খাবার সংগ্রহ করতেন। তল্লাশির সময় তার ব্যাগে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও এখন পর্যন্ত ওই তরুণের সঠিক পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ তার নাম ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনা প্রসঙ্গে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।” তিনি আরও জানান, ওই তরুণের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।