জয়পুরহাটের কালাইয়ে সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা পাঠ্যবই ভাঙারির দোকানে কেজি দরে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উক্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ করা হয়েছে যে, প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই ভাঙারির দোকানে বিক্রি করেছেন। গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাট এলাকায় অবস্থিত একটি ভাঙারির দোকানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রধান শিক্ষকের নির্দেশেই বইগুলো কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

তবে এই গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, “তারা কোনো বোর্ড বই বিক্রি করেননি। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।”

অন্যদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের কাছে বই বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে এই বইগুলো বিক্রি করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ দ্রুত পদক্ষেপ নেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন জানান, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আগামী রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান জানান, বই বিক্রির এই ঘটনার প্রেক্ষিতে মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন আজ রোববার জমা দেওয়ার কথা রয়েছে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “বিষয়টি জানার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্তে সরকারি পাঠ্যবই বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”