ময়মনসিংহে জমির নামজারি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার, গালাগাল এবং ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার অভিযোগে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নায়েব আবুল কালামের সাংবাদিকদের সাথে করা অসদাচরণের ভিডিওটি তার নজরে এসেছে। সেই ঘটনার প্রেক্ষিতেই রোববার সকালে তাকে শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার জবাব পাওয়ার পর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে। সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি সংক্রান্ত কিছু তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান নায়েব আবুল কালাম অফিসের ভেতরে চায়ের আড্ডায় ব্যস্ত। দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন তিনি প্রয়োজনীয় তথ্য জানতে চান, তখন আবুল কালাম তার সাথে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ শুরু করেন।

তর্কের এক পর্যায়ে সাংবাদিকদের লক্ষ্য করে গালাগাল করতে শুরু করেন আবুল কালাম এবং হুমকি দিয়ে বলেন, “এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।” এখানেই ক্ষান্ত হননি তিনি; অফিসের কর্মচারীদের নির্দেশ দিয়ে তিনি অনিক খানকে ভেতরে আটকে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার কথা বলেন। এই অন্যায় আচরণের প্রতিবাদ করতে এগিয়ে আসেন সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা। তাদের উদ্দেশ্য করে আবুল কালাম মন্তব্য করেন, “মাস্তানি করতে আইছস”। এরপর তিনি সাংবাদিকদের বেঁধে পেটানো এবং জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন।

সরকারি দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন আক্রমণাত্মক হুমকির ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারহাদ, সাংবাদিক আলাদিন সানি এবং সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা তাদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এই ধরনের আচরণ কেবল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে না, বরং সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সাথে কর্মকর্তাদের আচরণের মান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

শোকজ করলেই যেন এই ঘটনার নিষ্পত্তি না হয়, বলে দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমানে জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন ময়মনসিংহের সাংবাদিক সমাজ।