বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গণিতবিদ ও দার্শনিক হিসেবে পরিচিত কুর্ট গোডেল। ১৯৩১ সালে তাঁর প্রবর্তিত দুটি অসম্পূর্ণতার উপপাদ্য গণিতের প্রচলিত ধারণাকে আমূল বদলে দিয়েছিল। তাঁর এই যুগান্তকারী কাজ থেকেই অনুপ্রেরণা নিয়ে অ্যালান টিউরিং আধুনিক কম্পিউটার-তত্ত্বের ভিত্তি স্থাপন করেন। ১৯৪০ সালে নাৎসিদের আতঙ্কে নিজের জন্মভূমি অস্ট্রিয়া ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান গোডেল এবং সেখানে প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাথে তাঁর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
জীবিত থাকাকালীন গোডেল খুব সীমিত সংখ্যক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, তবে তাঁর অপ্রকাশিত কাজের ভাণ্ডার ছিল বিশাল। হাজার হাজার পৃষ্ঠার সেই অপ্রকাশিত কাজের মধ্যে ১৯৪০-এর দশকে লেখা ১৬টি নোটবুক গবেষকদের জন্য দীর্ঘদিনের এক বড় রহস্য হয়ে ছিল। মোট ১ হাজার ৯ পৃষ্ঠার এই নোটবুকগুলো লেখা হয়েছিল ‘গ্যাবেলসবার্গার’ নামক এক অপ্রচলিত জার্মান সংকেতলিপিতে। উল্লেখ্য, গোডেল যখন এই লিপি ব্যবহার করছিলেন, তখন এটি প্রায় বিলুপ্তির পথে ছিল।
এই রহস্যময় নোটবুকগুলোর পাঠোদ্ধারের জন্য ২০১৭ সালে হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের যুক্তিবিদ ইয়ান ফন প্লাতো কাজ শুরু করেন। এই কঠিন কাজ সম্পন্ন করতে তিনি নিজেই সেই দুর্লভ সংকেতলিপি আয়ত্ত করেন। বর্তমানে বিশ্বে মাত্র ছয়জন মানুষ এই লিপি পড়তে সক্ষম, যাদের মধ্যে তিনি একজন। একটি দল গঠন করে কাজ শুরু করলেও অগ্রগতির গতি ছিল অত্যন্ত মন্থর; সপ্তাহে গড়ে মাত্র এক পৃষ্ঠা পড়ার কাজ সম্পন্ন করা সম্ভব হতো।
অবশেষে ফ্রান্সের এক সম্মেলনে বিজ্ঞানীদের সাথে আলোচনার পর ফন প্লাতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘ক্লড’-এর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নোটবুকগুলোর প্রতিলিপি এবং গোডেলের জীবন ও কাজ নিয়ে নিজের লেখা ছয়টি বই ক্লড-এর কাছে প্রদান করেন। এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। মানুষের যে কাজ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগত, ক্লড মাত্র কয়েক দিনের ব্যবধানে পুরো নথির ৬৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত ব্যাখ্যা তৈরি করে দেয়। এই বিশ্লেষণের মাধ্যমে বেরিয়ে এসেছে যে, গোডেল এমন শত শত গাণিতিক উপপাদ্য প্রমাণ করেছিলেন, যা সম্পর্কে আগে কেউ জানত না। এমনকি সত্তর ও আশির দশকে আবিষ্কৃত অনেক গাণিতিক ফলাফলের আগাম ইঙ্গিত তিনি চল্লিশের দশকেই দিয়ে রেখেছিলেন। এছাড়া যুক্তিবিদ্যার এমন ১৪টি নতুন বিষয় সেখানে পাওয়া গেছে, যা নিয়ে বর্তমান সময় পর্যন্ত কোনো গবেষণা পরিচালিত হয়নি।