জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে পাওয়া একটি সন্দেহজনক বোমা সদৃশ বস্তুকে সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে ঘাটাইল সেনানিবাসের বম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এই প্রক্রিয়ায় একটি বিকট শব্দ শোনা গেলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে। শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের ওপর একটি রহস্যময় বস্তু পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি জানাজানি হতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো ওভারপাস এলাকাটি ঘিরে ফেলে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষজ্ঞ দলটি অত্যন্ত সতর্কতার সাথে ওভারপাস থেকে বস্তুটি উদ্ধার করে এবং নিরাপদ দূরত্বে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানেই রাত সাড়ে ১১টার দিকে বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করা হয়।

এদিকে, এই ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কথা দাবি করেছে জেলা বিএনপি। দলটির নেতাদের মতে, রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জামালপুরের মানুষ ও প্রশাসন আতঙ্কের মধ্যে ছিল। বস্তুটি নিষ্ক্রিয় করা হলেও সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত এটি বোমা, নাকি অন্য কিছু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গত কয়েক দিন যাবৎ সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে আতঙ্ক তৈরি করার জন্য সেই পতিত ফ্যাসিবাদের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে, নানাভাবে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মনে করি, এই আজকের এই বোমা সদৃশ যে বস্তু, যেটি এখন নিষ্ক্রিয় করা হলো, সেটা তারই একটি অংশ। তবে সেটা আমরা যেটা বলছি যে, এটি করে আসলে এই জামালপুরকে অস্থিতিশীল করা যাবে না, জামালপুরের মানুষকে আতঙ্কিত করা যাবে না। আমরা আগামী দিনে জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করব।”