বিশ্ববিদ্যালয় জীবনের এক স্মৃতি মনে পড়ে। আমাদের এক সহপাঠীকে একদিন শিক্ষক প্রশ্ন করেছিলেন, ‘কী রে, সব সময় হাসিস কেন?’
সেই সহপাঠী মুহূর্তেই উত্তর দিয়েছিল, ‘হাসি না, স্যার; মুখটাই এমন।’
এই কথা শুনে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা হাসিতে ফেটে পড়েছিল। তবে কেবল সেই ছেলেটিই হাসেনি। কারণ, তার হাসা এবং না-হাসার মধ্যে দৃশ্যমান কোনো পার্থক্য ছিল না।
সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি তুলতে গিয়ে আমার সেই পুরনো স্মৃতিটি মনে পড়ে গেল। আমার কাছে পুরনো ছবি ছিল ঠিকই, তবে সেগুলো প্রায় পাঁচ বছর আগের। সেই সময়ে মাথায় চুলের পরিমাণ ছিল অনেক বেশি এবং মুখে দুশ্চিন্তার ছাপ ছিল অনেক কম। বর্তমান চেহারার সঙ্গে সেই ছবির তুলনা করলে আত্মীয়তার সম্পর্ক প্রমাণ করাও কঠিন হয়ে পড়বে।
তাই বাধ্য হয়ে স্টুডিওতে গেলাম। ফটোগ্রাফার আমাকে একটি চেয়ারে বসিয়ে নির্দেশ দিলেন, ‘সোজা হয়ে বসেন।’
আমি সোজা হয়ে বসলাম।
এরপর তিনি বললেন, ‘মাথা একটু ডানে।’
আমি মাথা ডানে নিলাম।
তিনি আবার বললেন, ‘এত ডানে না। একটু বাঁয়ে।’
আমি মাথা বাঁয়ে নিলাম।
এরপরের নির্দেশ এলো, ‘চিবুক নিচে। চোখ ক্যামেরায়। কাঁধ সোজা।’
এক পর্যায়ে আমার মনে হতে লাগল, আমি ছবি তুলতে আসিনি, বরং ঘাড়ের ফিজিওথেরাপি করাতে এসেছি।
অবশেষে ক্যামেরার ক্লিক পড়ল। ফটোগ্রাফার কম্পিউটারে ছবি দেখিয়ে জানতে চাইলেন, ‘কেমন হইছে?’
ছবিটি দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। মনে হচ্ছিল, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে আমি আত্মগোপনের প্রস্তুতি নিচ্ছি।
আমি বললাম, ‘ভাই, আরেকটা তোলেন। একটু সুন্দর আর স্বাভাবিক লাগে যেন।’
দ্বিতীয় ছবিতে আমাকে দেখাচ্ছিল সদ্য চাকরিচ্যুত কোনো ব্যক্তির মতো। তবে প্রথমটির চেয়ে কিছুটা উন্নতি হয়েছিল। মনে হচ্ছিল, চাকরি ফিরে পেয়েছি ঠিকই, কিন্তু বেতন বন্ধ হয়ে গেছে।
ফটোগ্রাফার এবার বিরক্ত হয়ে বললেন, ‘একটু হাসার চেষ্টা করেন।’
আমি হাসলাম।
তা দেখে তিনি আঁতকে উঠলেন এবং বললেন, ‘না না! এত হাসবেন না। ঠোঁট সামান্য প্রসারিত থাকবে, দাঁত দেখা যাবে না।’
আমি তার নির্দেশ মেনে চললাম। কিন্তু কম্পিউটারে নিজের চেহারা দেখে আমার মনে হলো, পেটের ভেতর প্রচণ্ড ব্যথা চেপে রেখে আমি কোনো প্রধান অতিথির বক্তৃতা শুনছি।
পঞ্চম ছবিতে এসে ফটোগ্রাফার নিজেই হাল ছেড়ে দিলেন। তিনি জানালেন, আমার মুখ নাকি ক্যামেরার সঙ্গে সহযোগিতা করছে না।
বিষয়টি আমার কাছে বেশ অপমানজনক মনে হলো। মানুষের সঙ্গে মানুষের অসহযোগিতার কথা অনেক শুনেছি, কিন্তু নিজের মুখ যে নিজের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামতে পারে, তা আগে জানতাম না!
শেষ পর্যন্ত একটি ছবি পছন্দ করে প্রিন্ট করার কথা বললাম। ফটোগ্রাফার এআই-এর সাহায্যে আমার মুখের দাগ মুছে দিলেন, চোখের নিচের কালি সরিয়ে দিলেন এবং চুলের ঘনত্ব বাড়িয়ে দিলেন। ফলাফল দেখে আমি মুগ্ধ হলাম। এত সুদর্শন একজন মানুষ আমার ভেতরে এতদিন আত্মগোপন করে ছিলেন, তা ভাবতেই ভালো লাগছিল।
অফিসে ছবিটা জমা দেওয়ার পর আমার সহকর্মী অনেকক্ষণ ধরে সেটির দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি জানতে চাইলেন, ছবিটা আমার ছোট ভাইয়ের কি না!
বাসায় ফিরে স্ত্রীকে ছবিটা দেখালাম। সে আরও এক ধাপ এগিয়ে জানতে চাইল, ছবির ওই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় কীভাবে! সে বলল, আমি যদি এমন হতাম তবে তো কথাই ছিল না! সে নাটক-সিনেমা দেখা ছেড়ে দিয়ে সারা দিন আমার ছবি নিয়ে পড়ে থাকত!
পরদিন আমি আবারও স্টুডিওতে গেলাম। এবার অনুরোধ করলাম, চেহারায় কোনো কারুকাজ করা হবে না। আমি যেমন, ঠিক তেমনই ছবি চাই।
ফটোগ্রাফার কোনো কথা না বলে ছবি তুলে দিলেন। সেই ছবি আমি অফিসে জমা দিলাম।
ছবিটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা কিছুক্ষণ আমার দিকে এবং কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, ‘দাঁতে ব্যথা নাকি?’
আমি জানালাম, দাঁত ঠিকই আছে, তবে ছবি তোলার সময় মুখটা শক্ত হয়ে গিয়েছিল।
তিনি জানালেন, এই ছবি নিলে আমি সমস্যায় পড়ব। কারণ ক্লায়েন্ট ছবি দেখেই পালাবে। তাই নতুন ছবি লাগবে।
অগত্যা আমি আবারও স্টুডিওতে হাজির হলাম। আমাকে দেখেই ফটোগ্রাফারের মুখের হাসি উধাও হয়ে গেল, যেন কোনো পুরনো পাওনাদার সামনে এসে দাঁড়িয়েছে! সব শুনে তিনি কিছুক্ষণ মাথা চুলকালেন। গভীর চিন্তাভাবনা শেষে তিনি একটি পরামর্শ দিলেন, ‘ভাই, এক কাজ করেন। বারবার ছবি না পাল্টায়ে অফিসটাই পাল্টান!’
ফটোগ্রাফারের এই উপদেশ শুনে বিশ্ববিদ্যালয়ের সেই সহপাঠীর কথা মনে পড়ল এবং তার কাছে ক্ষমা চাইতে ইচ্ছা করল। সেদিন ওর কথা শুনে আমি কেন যে হেসেছিলাম!