মাঠের লড়াইয়ে কেবল জয় নয়, বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দের গতি এবং খেলার ধরন প্রতিপক্ষের মনে গভীর ছাপ ফেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর এমন এক চমকপ্রদ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। ম্যাচ শেষ হওয়ার পর শ্রীলঙ্কার দলের বেশ কয়েকজন খেলোয়াড় কৌতূহলবশত বাংলাদেশের ড্রেসিংরুমে আসেন এবং কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলেন। তাঁদের মূল জিজ্ঞাসা ছিল, বাংলাদেশের খেলোয়াড়দের ডায়েটে কী থাকে বা তাঁদের কী খাওয়ানো হয়!
আজ কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সংবাদমাধ্যমের সামনে এই ঘটনার কথা জানান কোচ ডুলি। তিনি বলেন, ‘ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় আমাদের কাছে এসেছিল। তারা বলছিল, ব্যাপারটা দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? তাদের কথা ছিল, আমাদের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছে, আরেকজন নামছে, যে আগের জনের চেয়েও দ্রুত!’
শ্রীলঙ্কার খেলোয়াড়দের মুখে এমন প্রশংসা শুনে খুশি হয়েছেন ডুলি। তিনি বিষয়টিকে বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও শারীরিক সামর্থ্যের এক বড় স্বীকৃতি হিসেবে দেখছেন। তবে এই প্রশংসায় আত্মতুষ্ট হয়ে সময় নষ্ট করতে রাজি নন তিনি, কারণ সামনেই অপেক্ষা করছে আরও কঠিন এক চ্যালেঞ্জ।
আগামীকাল রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের বিশাল জয় আক্রমণভাগের ওপর ডুলির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে দলে একজন স্বীকৃত ‘নাম্বার নাইন’ বা প্রকৃত স্ট্রাইকারের অভাব নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না তিনি। তাঁর বিশ্বাস, গোল করার জন্য কেবল একজন নির্দিষ্ট স্ট্রাইকারের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। ডুলির ভাষায়, ‘গোল করার জন্য একজন নির্দিষ্ট স্ট্রাইকারের ওপর নির্ভর করতে হবে, এমন কোনো কথা নেই।’
ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী খেলতে পারলে বাংলাদেশ আরও বেশি গোল করতে পারত বলে মনে করেন কোচ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘হামজা ওই ম্যাচে থাকলে হয়তো এক-দুটি, এমনকি তিনটি গোলও করতে পারত। তার তিনটি সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি।’
তবে পাকিস্তান দলের মুখোমুখি হওয়ার আগে বেশ সতর্ক ডুলি। তাঁর দৃষ্টিতে, এই মুহূর্তে পাকিস্তানই বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এর কারণ হিসেবে তিনি এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের ভালো ফলের কথা উল্লেখ করেন। পাশাপাশি ইউরোপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন পাঁচজন বিদেশি ফুটবলারের উপস্থিতির কথা জানান তিনি। ডুলির সতর্কবার্তা, ‘পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে কিছু দুশ্চিন্তাও রয়েছে। বিশেষ করে সাদ উদ্দিনের অনুপস্থিতি দলের জন্য একটি বড় শূন্যতা। ডান প্রান্তের রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও এই ফুটবলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর পরিবর্তে কাকে মাঠে নামানো হবে, তা এখনো চূড়ান্ত করেননি কোচ ডুলি।
অন্যদিকে তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন কোচ। তপু বর্মণকে নিয়ে আশার কথা শুনিয়ে তিনি বলেন, ‘তপু এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে। তার পায়ে কোনো ব্যথা নেই। সে নিজেও বলেছে, স্বাভাবিক বোধ করছে। প্রয়োজন হলে সে খেলতে পারবে। এটা ভালো খবর।’