সাফ ফুটবলের সেমিফাইনালের দোরগোড়ায় এসেও খাবারের মান ও বৈচিত্র্য নিয়ে চরম ভোগান্তির মুখে ভারতীয় দল। মালদ্বীপকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে এই সমস্যার কথা প্রথমবার সামনে এনেছিলেন দলের কোচ নওশাদ মুসা। সে সময় বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাঁর।
আগামীকাল বেলা তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নয়বারের সাফ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে ভুটানের। ম্যাচের আগে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে খাবারের সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে নওশাদ বলেন, “এখন পর্যন্ত তেমন কিছুই করা হয়নি। তবে আমাকে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি (খাবার সমস্যা) সমাধান করা হবে।”
এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর আতিথেয়তার প্রশংসা করলেও খাবারের তালিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারত কোচ। সে সময় তিনি বলেছিলেন, “আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে খাবার নিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না আপনাকে এই খাবারই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট খাবারের তালিকা দেওয়া হয়েছে, যা সব সময় মেনে চলা সম্ভব নয়। ম্যাচের দিন খেলোয়াড়েরা হয়তো বেশি খেতে চান না। কিন্তু ম্যাচ শেষে তাঁদের ভালো খাবার প্রয়োজন হয়। অথচ প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।”
খাবারের মান নিয়ে অভিযোগ থাকলেও ঢাকার আবহাওয়ার ব্যাপারে সন্তুষ্ট নওশাদ। তাঁর বিশ্বাস, দলে নতুন যে খেলোয়াড়েরা যোগ দিয়েছেন, তাঁরা খুব সহজেই এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন। এ প্রসঙ্গে নওশাদ বলেন, “আবহাওয়া মোটেও কোনো সমস্যা নয়। কারণ, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে এখানকার আবহাওয়ার বেশ মিল রয়েছে। শুধু পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়াটাই আমাদের একমাত্র উদ্বেগের বিষয়।”
তবে খাবার বা অনুশীলনের সীমাবদ্ধতাকে সামনে রেখে পিছিয়ে পড়তে রাজি নন নওশাদ। তাঁর সম্পূর্ণ মনোযোগ এখন কেবল ভুটান ম্যাচের দিকে। ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ নাকি পাকিস্তান—এমন কোনো চিন্তা আপাতত তাঁর মাথায় নেই। তিনি জানান, “আমরা কোন প্রতিপক্ষকে পাব, সেটা আমার হাতে নেই। বরং একটি নির্দিষ্ট দিনে একটি দল কীভাবে খেলছে, সেটিই গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে আমার মূল মনোযোগ ভুটানকে ঘিরে।”
ভুটানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার ভুল করছেন না ভারতের কোচ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে ভুটানের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন তিনি। বিশেষ করে ভুটানের খেলোয়াড়দের গতি, সুসংগঠিত রক্ষণভাগ এবং দ্রুত পাল্টা আক্রমণের সক্ষমতাকে সমীহ করছেন নওশাদ। সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “তারা সুযোগ পেলে গোল করবে। তাই আমাদের রক্ষণভাগের খেলোয়াড়দের খুব সতর্ক থাকতে হবে।”
অন্যদিকে, বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়েও এই মুহূর্তে কোনো পরিকল্পনা করতে চান না নওশাদ। তাঁর কাছে এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো ভুটানকে হারিয়ে ফাইনালে পৌঁছানো। দলের একাদশে বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই ভারত কোচের। খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও ছন্দ ধরে রাখতে আগের দলটিই মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন নওশাদ।