উন্নয়ন বলতে কি কেবল আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা সম্পদের সঞ্চয় বোঝায়? নাকি মানুষের স্বাধীনতা, সক্ষমতা, মর্যাদা ও পছন্দমতো জীবন বেছে নেওয়ার সুযোগও উন্নয়নের মাপকাঠি? এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের সামনে চলে আসে অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্ব, যার আলোকে মানব উন্নয়নের ধারণা, দর্শন ও তাৎপর্য বিশ্লেষণ করা প্রয়োজন।
বর্তমান সময়ের বিশ্ব বিদ্যায়তনিক সমাজবিজ্ঞান পাঠ ও সমাজচিন্তার অন্যতম প্রধান দিশারি হলেন অধ্যাপক অমর্ত্য সেন। অর্থনীতি, রাজনীতি-দর্শন, নীতিশাস্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, মানবস্বাধীনতা ও মানবমর্যাদার মতো বিস্তৃত বিষয়ের এমন কোনো দিক নেই, যেখানে তাঁর অবদান আমাদের ঋদ্ধ করেনি। অধ্যাপক অমর্ত্য সেনকে নিয়ে আলোচনা করা মানে কেবল একজন নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে কথা বলা নয়; বরং এটি এমন এক আলোচনা, যা আমাদের তাঁর বহুমাত্রিক চিন্তার জগতে নিয়ে যায়, যেখানে মানব উন্নয়নের ধারণা অত্যন্ত সুগভীরভাবে প্রোথিত।
সাধারণত আমরা যখন উন্নয়ন নিয়ে আলোচনা করি, তখন তা সংখ্যার ভাষায় বা পরিমাণগত উপাত্তের নিরিখে বিশ্লেষণ করি। যেমন—মাথাপিছু আয়, প্রবৃদ্ধির হার, বিনিয়োগের পরিমাণ, রপ্তানি ও জাতীয় আয়ের অনুপাত ইত্যাদি। কিন্তু এই সংখ্যাতাত্ত্বিক সীমিত বলয় পেরিয়ে উন্নয়ন বিষয়ে কিছু বৃহত্তর প্রশ্ন বিদ্যমান। যেমন—উন্নয়ন মানে কী, এর প্রকৃতি কেমন, কিসের উন্নয়ন হচ্ছে, কার জন্য এই উন্নয়ন এবং কার দ্বারা তা পরিচালিত হচ্ছে। অমর্ত্য সেনের উন্নয়ন দর্শন থেকে আমরা জানতে পারি যে, উন্নয়ন কেবল আর্থিক সমৃদ্ধি নয়; বরং উন্নয়ন মানে মানুষের চয়নের স্বাধীনতা, তার সক্ষমতার প্রসারণ এবং মানসিক দিগন্তের বিস্তৃতি। উন্নয়নকে যদি শুধু আয় বৃদ্ধি বা সম্পদ যোজনার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবে মানুষের জীবনের প্রকৃত অর্থ ও লক্ষ্য হারিয়ে যাবে। উন্নয়ন মানে বস্তুগত সম্পদের সঞ্চয় নয়, বরং মানুষের জীবনমানের সামগ্রিক উন্নতি সাধন। মানুষের আয় বাড়লেও যদি সে সুস্বাস্থ্যের অধিকারী না হয়, শিক্ষিত না হয় কিংবা মানবিক মর্যাদার সঙ্গে বাঁচতে না পারে, তবে সেই উন্নয়ন অসম্পূর্ণ। অর্থাৎ, উন্নয়ন হতে হবে মানুষকেন্দ্রিক—পণ্যকেন্দ্রিক বা ধনকেন্দ্রিক নয়।
দ্বিতীয়ত, জীবনের মান কেবল বস্তুগত পরিমাণের মাধ্যমে পরিমাপ করা সম্ভব নয়, এর গুণগত মাত্রিকতাও সমান গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, একজন মানুষ হয়তো সুস্বাস্থ্যের অধিকারী, শিক্ষিত, কর্মরত এবং পর্যাপ্ত আয়ের অধিকারী। উন্নয়নের নিরিখে এগুলো তাৎপর্যপূর্ণ। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, যে জীবন মানুষ আকাঙ্ক্ষা করে, তা বেছে নেওয়ার স্বাধীনতা ও সক্ষমতা তার আছে কি না। সত্যিকারের উন্নয়ন মানুষকে সেই স্বাধীনতা, সক্ষমতা ও সুযোগ প্রদান করে।
তৃতীয়ত, মানব উন্নয়নের সামগ্রিক ধারণাটি নিশ্চিতভাবে অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতার ধারণার ওপর প্রতিষ্ঠিত। এই চিন্তাচেতনার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে মানব উন্নয়নের তাত্ত্বিক কাঠামো গড়ে উঠেছে এবং এই প্রক্রিয়ায় অমর্ত্য সেন সক্রিয়ভাবে অবদান রেখেছেন। মানব উন্নয়নের তাত্ত্বিক কাঠামো অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতার তত্ত্বকে আরও সামনে এগিয়ে নিয়ে গেছে।
অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্ব সম্পর্কে প্রথমেই বলা প্রয়োজন যে, অর্থনীতিবিদেরা এই তত্ত্বকে যতটা জটিল করে তোলার চেষ্টা করেছেন, তা আসলে ততটা জটিল নয়। অমর্ত্য সেন সক্ষমতাকে এভাবে সংজ্ঞায়িত করেছেন—মানুষ কিছু বিষয়কে মূল্যবান ও গুরুত্বপূর্ণ মনে করে এবং সেগুলো হতে চায় বা অর্জন করতে চায়। কিছু হওয়ার কিংবা করার বহু সম্ভাবনা তার সামনে থাকে। এই যে করার কিংবা হওয়ার বিরাট সম্ভাবনা ও বিরাট ক্ষেত্র, সেখান থেকে একজন মানুষ কতগুলো চয়ন তার নিজের জন্য নির্বাচন করতে পারে। তারপর সেসব লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে চায় এবং সেই সক্ষমতা অর্জিত হলে মানুষের জীবন উন্নত হয়। সক্ষমতা তত্ত্বের মূলকথা এটাই।
সক্ষমতা ও সুযোগ যখন একটি ভারসাম্যে পৌঁছায়, তখন মানব উন্নয়ন একটি কাঙ্ক্ষিত অবস্থানে থাকে। কোনো সমাজে যদি সক্ষমতা তৈরি হয় কিন্তু সুযোগ সৃষ্টি না হয়, তবে সেখানে মানব হতাশার জন্ম হয়। অন্যদিকে, সমাজে সুযোগ থাকলেও যদি সক্ষমতা তৈরি না হয়, তবে তা ‘হৃত সুযোগের’ উদাহরণ হয়ে দাঁড়ায়। যেমন সত্তর দশকের শ্রীলঙ্কায় বিভিন্ন জনগোষ্ঠীর, বিশেষ করে তরুণদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সংঘাত ও সহিংসতার কারণে সেই সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। ফলে আশির দশকের শ্রীলঙ্কার যুবসমাজের মধ্যে আত্মহত্যার হার ছিল অত্যন্ত উচ্চ।
এই তত্ত্বের পরিপ্রেক্ষিতে তিনটি পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। প্রথমত, মানুষ নানা বিষয়ে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করলে অনেক কিছুই স্বাধীনভাবে করতে পারবে। তাদের আয়ের সক্ষমতা অর্জিত হলে তা দিয়ে তারা সুনন্দ জীবন যাপন করতে পারবে। জ্ঞানের সক্ষমতা অর্জিত হলে একদিকে তারা নিজেরা ঋদ্ধ হবে, অন্যদিকে সমাজের অন্য মানুষদের শাণিত করতে পারবে। সেই অর্থে সক্ষমতার উন্নয়ন মানুষকে স্বাধীনতা দেয়। এই পরিপ্রেক্ষিত থেকেই অমর্ত্য সেন বলেছেন, “উন্নয়ন হচ্ছে স্বাধীনতা।”
দ্বিতীয়ত, সক্ষমতা তত্ত্বে ব্যক্তি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও অধিকার এই তত্ত্বের একটি শক্ত ভিত্তি। এর ফলে মনে হতে পারে, সক্ষমতা বোধ হয় শুধু ব্যক্তিকেন্দ্রিক কিছু। তা কিন্তু নয়। আমরা সমাজবদ্ধ ও যূথবদ্ধ জীব। আমাদের যৌথ ও সামাজিক জীবনও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার, সামাজিক চয়ন সব সময় ব্যক্তিগত চয়নের সমষ্টি হয় না। ব্যক্তিগত চয়নের সঙ্গে সমাজের যূথবদ্ধ চয়নও জরুরি। সক্ষমতা বিষয়ে অমর্ত্য সেনের চিন্তা ও বিশ্লেষণের জন্য মানুষের যৌথতা ও যূথবদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, সক্ষমতা তত্ত্বের পেছনে একটি প্রচ্ছন্ন অনুমান রয়েছে যে, সক্ষমতা বাড়লে সুযোগের সৃষ্টি হবে। কিন্তু সক্ষমতা বাড়লেই স্বয়ংক্রিয়ভাবে সুযোগ তৈরি হয় না। আমরা এমন বহু উদাহরণ জানি, যেখানে ব্যক্তি ও সমাজের সক্ষমতা বেড়েছে কিন্তু সুযোগ সৃষ্টি হয়নি। সুতরাং সক্ষমতা প্রসারণের পাশাপাশি আলাদা করে সুযোগ সৃষ্টির প্রয়োজন রয়েছে।
উপরিউক্ত প্রেক্ষাপটে মানব উন্নয়নতত্ত্বের দিকে তাকালে দেখা যায়, এটি অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের ওপরই নির্ভর করে প্রতিষ্ঠিত। মানব উন্নয়নের একটি বহুল প্রচলিত সরল সংজ্ঞা হলো, “মানব উন্নয়ন মানুষের চয়নের ক্ষেত্র সম্প্রসারণের একটি প্রক্রিয়া”। প্রতিদিন আমরা নানা রকমের সিদ্ধান্ত নিই, যার কিছু রাজনৈতিক, কিছু অর্থনৈতিক এবং কিছু সামাজিক। আমরা সিদ্ধান্ত নিই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের চয়ন বা বাছাইয়ের ক্ষেত্রটিকে যদি সম্প্রসারিত করতে পারি, তবে সেটাই মানব উন্নয়ন। সেই সঙ্গে মনে রাখা দরকার, মানব উন্নয়ন শুধু একটি প্রক্রিয়া নয়, বরং একটি চূড়ান্ত ফলও বটে।
চূড়ান্ত বিচারে মানব উন্নয়ন হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়ন। মানুষের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন মানে উন্নয়নের সুফল মানুষের জীবনে পৌঁছে যাওয়া এবং মানুষের দ্বারা উন্নয়ন মানে হলো উন্নয়নপ্রক্রিয়ায় মানুষ নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে না, বরং সক্রিয় অংশগ্রহণকারীর ভূমিকা নেবে, যাতে তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত গ্রহণে তারা প্রভাব ফেলতে পারে।
যেকোনো চয়নের ক্ষেত্রকে বিস্তৃত করার দুটি উপায় আছে: সক্ষমতার প্রসারণ ও সুযোগের সম্প্রসারণ। সেই অর্থে, মানব উন্নয়ন একটি সমীকরণ, যার বাঁ পাশে রয়েছে সক্ষমতা আর ডান পাশে রয়েছে সুযোগ। শিক্ষার মাধ্যমে, প্রশিক্ষণের দ্বারা, স্বাস্থ্যসুবিধা ব্যবহার করে এবং তথ্যপ্রযুক্তিতে অন্তর্ভুক্তির মাধ্যমে সক্ষমতা বাড়ানো যায়। অন্যদিকে কর্মনিয়োজন, ব্যবসা-বাণিজ্যের উদ্যোগ সৃষ্টি, উৎপাদন ও সম্পদ লভ্য করার মাধ্যমে সুযোগ সৃষ্টি করা যায়।
সক্ষমতা ও সুযোগ যখন একটি ভারসাম্যে পৌঁছায়, তখন মানব উন্নয়ন একটি কাঙ্ক্ষিত অবস্থানে থাকে। কোনো সমাজে যদি সক্ষমতা তৈরি হয় কিন্তু সুযোগ সৃষ্টি না হয়, তবে সেখানে মানব হতাশার জন্ম হয়। অন্যদিকে সমাজে সুযোগ থাকলেও যদি সক্ষমতা তৈরি না হয়, তবে তা হৃত সুযোগের উদাহরণ। যেমন সত্তর দশকের শ্রীলঙ্কায় বিভিন্ন জনগোষ্ঠীর, বিশেষ করে তরুণদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সংঘাত-সহিংসতার কারণে সেই সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। ফলে আশির দশকের শ্রীলঙ্কার যুবসমাজের মধ্যে আত্মহত্যার হার ছিল অত্যন্ত উঁচু। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সত্তরের দশকে তেল থেকে উচ্চ আয়ের ফলে অর্থনীতিতে নানা রকমের সুযোগের সৃষ্টি হয়েছিল, কিন্তু পেশাগত দক্ষতার অভাব থাকায় তাদের বিদেশ থেকে দক্ষ জনসম্পদ আমদানি করতে হয়েছে।
আসলে মানব উন্নয়নের চিন্তা সার্বিক ও সামগ্রিক। উন্নয়নের অন্যান্য ধারণার চেয়ে মানব উন্নয়নের সংজ্ঞা অনেক বেশি ব্যাপ্ত ও বিস্তৃত। সেই পরিপ্রেক্ষিতে মানব উন্নয়নের সঙ্গে অন্যান্য দৃষ্টিভঙ্গির তুলনা করা যেতে পারে। যেমন ‘মানবসম্পদ উন্নয়ন’ কথাটি আমরা প্রায়ই শুনি। কিন্তু ‘মানবসম্পদ উন্নয়ন’ আর ‘মানব উন্নয়ন’ এক কথা নয়। মানবসম্পদ উন্নয়নের অর্থ হলো একটি দেশের জনশক্তির দক্ষতার উন্নয়ন, যাতে উৎপাদন প্রক্রিয়ায় এই মানবসম্পদকে আরও দক্ষভাবে ব্যবহার করা যায়। অন্যদিকে মানব উন্নয়ন হলো মানুষের চয়নের ক্ষমতার বিস্তার, যেখানে মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি চয়ন-সিদ্ধান্তের সুযোগও থাকে।
দ্বিতীয়ত, সত্তর ও আশির দশকে ‘মৌলিক চাহিদা’ তত্ত্ব উপস্থাপিত হয়। এর মূলকথা হলো মানুষের কতগুলো ন্যূনতম মৌলিক চাহিদা রয়েছে, যেমন—খাদ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি। উন্নয়নের লক্ষ্য হলো সেই ন্যূনতম চাহিদাগুলো মেটানো। কিন্তু মানব উন্নয়ন মানুষকে শুধু ন্যূনতম চাহিদা অর্জনের পর্যায়ে রাখার কথা বলে না, বরং মৌলিক চাহিদা মিটিয়ে তার বাছাইয়ের সিদ্ধান্তের ক্ষমতাকে আরও বিস্তৃত করতে চায়। অতএব, ন্যূনতম মৌলিক চাহিদার তত্ত্বের চেয়ে মানব উন্নয়ন অনেক বেশি সম্প্রসারিত।
তৃতীয়ত, মানবকল্যাণ তত্ত্বে বলা হয় যে মানুষের কল্যাণের জন্য তাকে নানাভাবে সাহায্য করতে হবে, কল্যাণমূলক সহায়তা দিতে হবে এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মধ্যে আনতে হবে। এখানে মানুষকে কেবল গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়, উন্নয়নপ্রক্রিয়ার নির্ধারক হিসেবে নয়। অন্যদিকে মানব উন্নয়ন মানুষকে শুধু সুফলধারী মনে করে না, বরং যেসব প্রক্রিয়া মানুষের জীবন ও জগৎকে প্রভাবিত করে, সেখানে তাকে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে দেখে। সব মিলিয়ে বলা যায়, উন্নয়নের অন্যান্য দৃষ্টিভঙ্গির চেয়ে মানব উন্নয়ন তত্ত্ব অনেক বেশি বিস্তৃততর।
চূড়ান্ত বিচারে মানব উন্নয়ন হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়ন। মানুষের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন মানে উন্নয়নের সুফল মানুষের জীবনে পৌঁছে যাবে এবং মানুষের দ্বারা উন্নয়ন মানে হচ্ছে, “উন্নয়নপ্রক্রিয়ায় মানুষ নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে না, সক্রিয় অংশগ্রহণকারীর ভূমিকা নেবে, যাতে যে বিষয়গুলো তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে তারা প্রভাবিত করতে পারে।”
মানব উন্নয়নের এই ধারণার পরিপ্রেক্ষিতে পাঁচটি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, মানব উন্নয়ন ধারণার তাত্ত্বিক কাঠামোর নৈতিক ভিত্তিভূমি হচ্ছে মানবাধিকার ও মানবস্বাধীনতা। দুই, সব রকমের সাম্য ও সমতা মানব উন্নয়ন ধারণার জন্য গুরুত্বপূর্ণ। তিন, নারীর অধিকার, ক্ষমতায়ন ও নারী-পুরুষের সমতা এই কাঠামোর অন্যতম মাত্রিকতা। চার, পরিবেশের বজায় ক্ষমতা মানব উন্নয়নের একটি স্তম্ভ, যার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা ও সুযোগ নিশ্চিত করা হয়; ফলে এতে একটি আন্তপ্রজন্ম মাত্রিকতা রয়েছে। পাঁচ, মানবনিরাপত্তার বিষয়টি মানব উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব উন্নয়নের সম্পর্ক বিষয়ে কিছু বিভ্রান্তি আছে। অনেকে মনে করেন অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব উন্নয়নের জন্য প্রয়োজনীয় নয়, যা একটি ভ্রান্ত ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন, তবে এটিই একমাত্র বা শেষ কথা নয়। মানুষের চয়ন-সিদ্ধান্তের সম্প্রসারণের জন্য আয় অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু মনে রাখা দরকার যে আয় বা প্রবৃদ্ধি মানব উন্নয়নের একটি উপকরণমাত্র, চূড়ান্ত ফল নয়।
অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের ওপর ভিত্তি করে গত প্রায় চার দশকে মানব উন্নয়ন চিন্তা আজ একটি পূর্ণাঙ্গ উন্নয়ন-দর্শনে পরিণত হয়েছে। তাঁর অবদানের ওপর প্রচুর বিদ্যায়তনিক কাজ ও গবেষণা হয়েছে। তবে তাঁর বহুধামাত্রিক মেধা, প্রতিভা ও অবদান মূল্যায়নের আরও ক্ষেত্র রয়েছে, যেখানে আরও গবেষণা ও কাজ হওয়া প্রয়োজন।
সেলিম জাহান : লেখক ও অর্থনীতিবিদ