পড়াশোনা শেষ করে চাকরির আশায় দীর্ঘ সময় বসে না থেকে নিজেদের ভাগ্য পরিবর্তনের তাগিদ থেকে এগিয়ে এসেছেন পাঁচ বন্ধু। মাত্র ২০ হাজার টাকার পুঁজি নিয়ে তাঁরা শুরু করেছেন ‘চুইঝাল মসলার মুড়িমাখার’ ব্যবসা। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগটি বর্তমানে কুড়িগ্রামের রাজারহাট এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিদিন বিকেলে রাজারহাট বাজারের রেললাইনের পাশে অবস্থিত তাঁদের দোকানে মুড়ি কিনতে ভিড় করেন সব বয়সী মানুষ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হচ্ছে এখানে। এই চুইঝালের মুড়ি বিক্রির মাধ্যমে পাঁচ বন্ধুর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে।
এই উদ্যোগের পেছনে রয়েছেন উচ্চশিক্ষিত পাঁচ তরুণ—নুর আলম, নাহিদ হাসান, আলামিন, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাঁদের সবার বাড়ি রাজারহাট ও এর আশপাশের এলাকায়। নুর আলম ও নাহিদ হাসান কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বাকি তিনজন রাজারহাটের মীর ইসমাইল হোসেন কলেজ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন।
গত অক্টোবরের শুরুতে নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে তাঁরা এই ব্যবসায়িক যাত্রা শুরু করেন। প্রতিদিন সকালে তাঁরা বাড়িতেই মুড়ির বিশেষ মসলা তৈরি করেন। উপকরণ সংগ্রহ থেকে শুরু করে মসলা প্রস্তুতের প্রতিটি ধাপে পাঁচ বন্ধু সমানভাবে যুক্ত থাকেন। বিকেল চারটার দিকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে তাঁরা রাজারহাট বাজারের রেলগেট এলাকায় চলে আসেন এবং রাত ১০টা পর্যন্ত মুড়িমাখা বিক্রি করেন।
এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে নুর আলম বলেন, ‘আমরা সবাই শিক্ষিত। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ টাকা নেই। তাই নিজেদের দৈনন্দিন আয়ের ব্যবস্থা করা ও পরস্পরকে ব্যবসায়ী সহযোগী হিসেবে বোঝার জন্য আপাতত এই উদ্যোগ নিয়েছি।’
আর্থিক দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্যোক্তা মনির হোসেন বলেন, ‘আমরা প্রত্যেকে চার হাজার টাকা করে দিয়ে মোট ২০ হাজার টাকায় এই যাত্রা শুরু করি। প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মুড়ি বিক্রি করি। এতে প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা লাভ হয়। এই আয় দিয়ে নিজেদের দৈনন্দিন খরচ শেষে পরিবারকেও সহযোগিতা করতে পারছি। আগামী দিনে পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি দেওয়ার পরিকল্পনা আছে।’
সাধারণ মুড়িমাখাকেই ভিন্ন স্বাদে উপস্থাপনের চেষ্টা করেছেন তাঁরা। স্থানীয় চুইঝাল, রসুন এবং নিজেদের তৈরি বিশেষ মসলার সংমিশ্রণে তৈরি এই মুড়িমাখা ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চুইয়ের ঝাঁজ আর রসুনের স্বতন্ত্র ঘ্রাণ এই খাবারে নতুন মাত্রা যোগ করেছে, যা অল্প সময়েই স্থানীয়দের আকৃষ্ট করেছে।
স্বাদের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়েও তাঁরা অত্যন্ত সচেতন। খাবার পরিবেশনের জন্য তাঁরা ফুড গ্রেড পেপার বা খাদ্যোপযোগী কাগজ ব্যবহার করেন। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ প্রতিদিন তাঁদের দোকানে ভিড় করছেন। কেউ সেখানে বসে মুড়ি খাচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য পারসেল করে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় উপকরণের ব্যবহার নিয়ে নাহিদ হাসান বলেন, ‘আমাদের এলাকায় চুইয়ের চাষ হয়। কিন্তু এখানকার মানুষ সেভাবে চুই খায় না। এসব চুই দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। আমরা চুইঝাল দিয়ে মুড়ি মেখে একটু স্বাদের ভিন্নতা দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের এই উদ্যোগ সাদরে গ্রহণ করেছে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন।’
উদ্যোক্তারা জানান, প্রতিদিন তাঁদের গড়ে ২৩ থেকে ২৫ কেজি মুড়ির প্রয়োজন হয়। চুই স্থানীয়ভাবে সংগ্রহ করা হলেও রসুন, বিভিন্ন মসলা ও পরিবেশন সামগ্রী বাইরে থেকে কিনতে হয়। তাঁদের দেওয়া তথ্যমতে, দৈনিক গড়ে প্রায় ৫০০ জন ক্রেতা তাঁদের মুড়িমাখা ক্রয় করেন।
এই প্রচেষ্টার লক্ষ্য সম্পর্কে ফেরদৌস আহমেদ বলেন, ‘আমাদের এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, বরং নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা।’
যুবকদের এই স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রশিদ। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করার এই উদ্যোগ প্রশংসনীয়। এই যুবকেরা আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের জন্য কোনো প্রতিষ্ঠান করতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তর সেই সুযোগ তৈরি করে দেবে।’