ঢাকা শহরের বাইরে গেলে এক ধরণের অন্ধকার চোখে পড়ে—যা অত্যন্ত ঘন এবং জমাট বাঁধা। একেই বলা হয় নিকষকালো অন্ধকার। তার তুলনায় ঢাকা শহরের অন্ধকার মনে হয় বেশ ফিকে এবং কৃত্রিম। তবে এই অরিজিনাল অন্ধকারের অভিজ্ঞতা আমরা ঘরে বসেই পাই যখন লোডশেডিং হয়।

লোডশেডিং নিয়ে আমাদের অভিযোগের তালিকা দীর্ঘ। বিদ্যুৎ চলে গেলেই আমরা বিদ্যুৎ বিভাগকে গালি দিই, সরকারের সমালোচনা করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম তৈরি করি কিংবা কার্টুন আঁকি। অনেকে তো এমনভাবে ছটফট করতে থাকেন যেন বিদ্যুৎ নয়, বরং তার ফুসফুসের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে।

কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, লোডশেডিং আমাদের কত উপকার করছে! জগতের সবকিছুরই যেমন ভালো ও মন্দ দিক থাকে, লোডশেডিংয়েরও নিশ্চয়ই কিছু ইতিবাচক দিক রয়েছে।

এক. পরিবারের সদস্যদের মুখ দেখার সুযোগ হয়

সারা দিন পরিবারের প্রতিটি সদস্য যার যার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। বাবা মগ্ন থাকেন ফেসবুকে, মা দেখেন ইউটিউব, ছেলে ব্যস্ত গেমসে আর মেয়ে টিকটকের দুনিয়ায়। একই ছাদের নিচে থেকেও কারও সঙ্গে কারও কথা হয় না, এমনকি একে অপরের মুখ দেখারও সুযোগ মেলে না।

হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সবাই মোবাইল ছেড়ে মুখ তুলে তাকান। তখনই বাবা ছেলেকে জিজ্ঞেস করেন, “তুমি কখন এলে?”

ছেলে অবাক হয়ে উত্তর দেয়, “বাবা, আমি তো বাসাতেই আছি! তুমি দেখোনি!”

লোডশেডিং না হলে বাবা হয়তো আরও অনেক দিন ছেলেকে না দেখেই পার করে দিতেন।

দুই. ঘুমের অভ্যাস উন্নত হয়

বিদ্যুৎ থাকলে রাতে ঘুমানোর আগে মানুষ মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ভিডিও কিংবা রিলস দেখতে দেখতে কখন যে রাত তিনটা বেজে যায়, তার টেরই পাওয়া যায় না।

কিন্তু লোডশেডিং হলে ওয়াই-ফাই বন্ধ হয়ে যায়। ডেটা কিনেও তেমন লাভ হয় না, কারণ মোবাইলের চার্জও শেষ হয়ে আসার পথে থাকে। তখন আর করার কিছু থাকে না বলে মানুষ বাধ্য হয়ে ঘুমানোর চেষ্টা করে। এতে ঘুমের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। এমনকি যারা রাত জেগে ফেসবুকে অন্যের জীবন নিয়ে গবেষণা করেন, তারাও লোডশেডিংয়ের কারণে নিজের জীবন নিয়ে ভাবার সুযোগ পান।

তিন. বিদ্যুৎ বিল বাঁচে, অর্থনীতির চাকা সচল হয়

বিদ্যুৎ না থাকলে ফ্যান, টেলিভিশন কিংবা এসি চলে না। ফলে বিদ্যুৎ খরচও হয় না। মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে মানুষ অন্তত কিছুটা স্বস্তি বোধ করে। সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে মোমবাতি, চার্জার লাইট, হাতপাখা ও মশার কয়েল কেনা যায়। এতে স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পায়। অর্থাৎ লোডশেডিং একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় করছে, অন্যদিকে বিকল্প পণ্যের বাজার সম্প্রসারণ করছে। একেই বলা যায় বহুমুখী অর্থনৈতিক উন্নয়ন!

চার. প্রেম গাঢ় হয়

বিদ্যুৎ চলে গেলে মোবাইলের চার্জ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। তখন প্রেমিক ফোন করে বলে, “জান, আমার চার্জ মাত্র টু পারশেন্ট। তোমার কথা না শুনে থাকতে পারব না। কিন্তু ফোন বন্ধ হয়ে যাবে। কিছু মনে কোরো না।”

প্রেমিকা তখন আবেগে বলে, “তুমি ফোন রেখে দাও। আমি তোমার চুপ করে থাকাও শুনতে চাই।”

এরপরই ফোন বন্ধ হয়ে যায় এবং নেমে আসে এক নিরবচ্ছিন্ন সুনসান নীরবতা। এই নীরবতায় প্রেমিক-প্রেমিকা পরস্পরকে মনের অতল থেকে আরও স্পষ্ট দেখতে পায়, যা তাদের প্রেমকে আরও গাঢ় করে তোলে।

পাঁচ. কল্পনাশক্তি ও সৃজনশীলতা বাড়ে

বিদ্যুৎ থাকলে মানুষ টেলিভিশন দেখে, ফেসবুক স্ক্রল করে কিংবা ইউটিউবে ভিডিও দেখে। এতে নিজের মস্তিষ্ক খাটানোর প্রয়োজন পড়ে না। কিন্তু লোডশেডিং হলেই শুরু হয় সৃজনশীলতার বিস্ফোরণ। কেউ হাতপাখা দিয়ে বাতাস করতে করতে রবীন্দ্রসংগীত গেয়ে ওঠে। কেউ মোমবাতির আলোয় নিজের ছায়া দেখে ভূত ভেবে চিৎকার দেয়। কেউ ছাদে গিয়ে আকাশের তারা গোনে, আবার কেউ অন্ধকারে বসে দেশের উন্নয়ন নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে।

তবে হঠাৎ করে কী দিয়ে পাখা বানানো যেতে পারে, তা ভাবাই হলো চূড়ান্ত লেভেলের সৃজনশীলতা। এরপর শুরু হয় ভূতের গল্প। অন্যকে ইম্প্রেস করতে তখন হরর টাইপ ভূতের গল্প বানাতে হয়। এমনকি যারা কখনো গল্প লেখেননি, তাঁরাও লোডশেডিংয়ের সময় মনে মনে উপন্যাসের প্লট তৈরি করেন কিংবা কবিতার লাইন ভাবেন। অনেকে মুখে মুখে দুই লাইন বানিয়ে ফেলেন এভাবে:

“লোডশেডিংয়ে ঘামছি সবাই, বিদ্যুৎ থাকে ছুটিতে,
মশারাও আজ উৎসব করে, রক্ত খায় ডিউটিতে!”

আবার কেউ মোমবাতির আলোতে লিখে ফেলেন:

“ওরে বিদ্যুৎ, ও আমার ভাই,
তোর কি কোনো লাজ নাই!
দিনে পালাস, রাতেও পালাস,
কাজ নেই—ভাব মারাস বারো মাস!”

লোডশেডিংয়ের আরও অনেক সুবিধা আছে। বিদ্যুৎ না থাকলে টেলিভিশনে রাজনৈতিক আলোচনা দেখতে হয় না, যা জাতির মানসিক স্বাস্থ্য ভালো রাখে। ফ্যান বন্ধ থাকায় ঘরের ধুলাবালুও কম ওড়ে। আর অন্ধকারে আয়নায় নিজের চেহারা দেখতে হয় না বলে আত্মবিশ্বাস অটুট থাকে।

তবে একটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। লোডশেডিং যেন অতিরিক্ত না হয়। খুব বেশি অন্ধকারে থাকলে মানুষ একসময় কর্মহীন হয়ে তলিয়ে যাবে। তাই আমরা হোমিওপ্যাথি ওষুধের মতো ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং থেকে মুক্তি চাই।