হাতে ধরা একটি ছোট প্রচারপত্র বা লিফলেট। সেখানে পাশাপাশি বসানো শৈশবের একটি সাদাকালো ছবি এবং বর্তমান সময়ের একটি রঙিন ছবি। ছবির নিচে স্পষ্ট করে লেখা—‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’। পরনে লুঙ্গি এবং কালো টি-শার্ট। গায়ের রং এবং চেহারায় বিদেশির ছাপ থাকলেও এই মানুষটির শিকড় গভীরভাবে প্রোথিত বাংলাদেশে। নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে কুমিল্লার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে আকুল হয়ে জানতে চাইছেন, কেউ কি তাঁর মা-বাবাকে চেনেন?
শিকড়ের টানে দেশে ফিরে আসা এই মানুষটির নাম রাজীব উদ্দিন। তবে তাঁর পাসপোর্ট এবং বর্তমান পরিচয়পত্রে নাম লেখা আছে হ্যারল্ড ডেভিড রাজীব। তিনি নেদারল্যান্ডসের (ডাচ) নাগরিক। জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে দত্তক হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৬ বছরের বেশি সময়।
আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে রাজীবের সঙ্গে কথা বলে মুক্তকণ্ঠ। ইংরেজিতে কথা বলছিলেন তিনি। তাঁর পাশে ছিলেন একইভাবে নিজের মা-বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ এবং তাঁদের দোভাষী মোহাম্মদ ওমর।
নিজের প্রকৃত পরিচয় ফিরে পাওয়ার চেষ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন রাজীব। তাঁর ভাষ্যমতে, ১৯৭৪ থেকে ১৯৮০ সালের মধ্যবর্তী সময়ে বাংলাদেশ থেকে অনেক শিশুকে দত্তক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে নেদারল্যান্ডসে যাওয়া শিশুর সংখ্যা প্রায় ৪৮৭ জন। তবে সবাই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না। রাজীব ও সেলিনাও নিবন্ধিত ছিলেন না বলে তাঁদের দাবি।
নিজের মা-বাবার মুখ, শৈশবের কোনো স্মৃতি কিংবা পরিবারের কোনো চিহ্নই রাজীবের কাছে নেই। কেবল কাগজপত্রে পাওয়া কিছু সীমিত তথ্য এবং শৈশবের পাসপোর্টের একটি ছবি সম্বল করেই সেই পরিবারকে খুঁজছেন তিনি।
রাজীব বলেন, ‘আমার বয়স যখন প্রায় তিন বছর, তখন আমি মা–বাবাকে হারিয়েছি। কাগজপত্র অনুযায়ী, ১৯৭৭ সালে আমার জন্ম। ১৯৮০ সালে আমাকে নেদারল্যান্ডসের একটি শ্বেতাঙ্গ পরিবারের কাছে দত্তক দেওয়া হয়। সেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।’
সেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।
নিজের মা-বাবার খোঁজে ২০১৫ সাল থেকে বাংলাদেশে আসছেন রাজীব। তিনি জানান, এ পর্যন্ত ছয়বার তিনি কুমিল্লা ও এর আশপাশের এলাকায় এসেছেন। তাঁর কাগজপত্রে জন্মস্থান হিসেবে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে। ১৯৮০ সালের দিকে সেটি কুমিল্লা জেলার অংশ ছিল। তবে এই ঠিকানাটি কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে তাঁর মনে সংশয় আছে। কারণ, দত্তক নেওয়ার প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
রাজীব বলেন, প্রথম দিকে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন। একবার একজন তাঁকে জানিয়েছিলেন, একজন ব্যক্তি তাঁর জন্মদাতা বাবা হতে পারেন। ওই ব্যক্তিরও বিদেশে থাকার সময় একটি সন্তান হারিয়ে গিয়েছিল। পরের বছর ফিরে এসে তাঁর সঙ্গে দেখা করেন রাজীব। ডিএনএ পরীক্ষাও করান। কিন্তু পরীক্ষার ফলাফলে তাঁদের মধ্যে বাবা-সন্তানের সম্পর্ক পাওয়া যায়নি। এতে দুজনই হতাশ হন।
এত বাধা সত্ত্বেও থেমে যাননি রাজীব; বরং পরিবারের সন্ধানে আবারও বাংলাদেশে ফেরার তাগিদ অনুভব করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি খুব হতাশ হয়েছিলাম। এরপরও আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যত দিন না মা–বাবাকে খুঁজে পাচ্ছি, তত দিন চেষ্টা চালিয়ে যাব।’
দপ্তরে দপ্তরে দৌড়াদৌড়ির পর এখন লিফলেট ছাপিয়ে মা-বাবার খোঁজ চালিয়ে যাচ্ছেন রাজীব। সেখানে নিজের শৈশব ও বর্তমানের ছবি দিয়ে মা-বাবার সন্ধান চেয়েছেন। লিফলেটে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও দিয়েছেন। আজও ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় ঘুরে ঘুরে মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি।
লুঙ্গিতে খুঁজে পান নিজের শিকড়
রাজীবের পরনে লুঙ্গি আর টি-শার্ট। নেদারল্যান্ডসের নাগরিক হয়েও বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকটি তাঁর এত পছন্দ কেন, জানতে চাইলে তিনি বলেন, লুঙ্গি পরলে নিজের দেশের কাছাকাছি থাকার অনুভূতি হয়।
রাজীব বলেন, ‘আমি লুঙ্গি খুব পছন্দ করি। এটি আমাদের সংস্কৃতির অংশ। আমি যখন নেদারল্যান্ডসে বাড়িতে থাকি, তখনো লুঙ্গি পরি। এতে বাংলাদেশকে, এখানকার মানুষ ও ঐতিহ্যকে মনে পড়ে। মনে হয়, নিজের দেশের কাছাকাছি আছি।’
একই গল্প সেলিনার
রাজীবের পাশে বসে থাকা সেলিনা গোমেজের গল্পও প্রায় একই রকম। তিনিও নেদারল্যান্ডসে দত্তক নেওয়া পরিবারের কাছে বড় হয়েছেন। তাঁর কাগজপত্রে জন্মস্থান হিসেবে মালুমঘাটের (কক্সবাজারের চকরিয়া উপজেলা) নাম রয়েছে। তবে সেই তথ্যও সঠিক কি না, তা নিশ্চিত নন তিনি। নিজের মা-বাবার খোঁজে বারবার বাংলাদেশে আসছেন তিনি।
সেলিনা বলেন, ‘আমি আমার মা–বাবাকে খুব মিস করি। তাঁদের কাছ থেকে আলাদা থাকাটা প্রতিদিন আমাকে কষ্ট দেয়। আমি চাই, তাঁরা জানুন, তাঁদের মেয়ে কেমন আছে, কীভাবে বড় হয়েছে। আমি চাই, আমরা আবার একসঙ্গে হতে পারি।’
বাংলাদেশে প্রথম আসার অনুভূতির কথা বলতে গিয়ে সেলিনা বলেন, ‘বাংলাদেশের কিছুই আমার মনে ছিল না। কিন্তু প্রথমবার বিমানবন্দর থেকে বের হয়ে এখানকার বাতাস আর চারপাশের শব্দ অনুভব করেছিলাম। সঙ্গে সঙ্গে মনে হয়েছিল, আমি বাড়িতে এসেছি। আমি বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসি।’
সহযোগিতার আশ্বাস প্রশাসনের
বৃহস্পতিবার দুপুরে লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা যান কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে কথা বলেন তাঁরা। রাজীবের কাগজপত্রে জন্মস্থান হিসেবে নবীনগরের পেয়ারাকান্দির উল্লেখ রয়েছে জানার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
আলী রাজীব মাহমুদ বলেন, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাঁর পরিবারের সন্ধান পেতে যাতে সহযোগিতা করা যায়, সে চেষ্টা করছি।’